২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রে। এ মাসে দেশটিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ৬৮ কোটি টাকা। আর আগের মাস নভেম্বরে দেশটিতে ক্রেডিট কার্ডে খরচ হয়েছিল ৬৯ কোটি টাকা।.
প্রবাসী আয় ও ক্রেডিট কার্ড ব্যবহারসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।.
প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে বিদেশের মাটিতে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে সামগ্রিক ব্যয়ও হ্রাস পেয়েছে। নভেম্বরে যেখানে ব্যয়ের পরিমাণ ছিল ৫১১ কোটি টাকা, ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৪৯১ কোটি টাকায়।.
যুক্তরাষ্ট্রের পর গত ডিসেম্বর মাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হয়েছে থাইল্যান্ডে। দেশটিতে বাংলাদেশিরা মোট ৬৪ কোটি টাকা খরচ করেছেন, যা নভেম্বরে ছিল ৫২ কোটি টাকা। অর্থাৎ থাইল্যান্ডে বাংলাদেশিদের ব্যয় বেড়েছে।.
অন্যদিকে, ৪৪ কোটি টাকা ব্যয় করে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। নভেম্বরে দেশটিতে ব্যয়ের পরিমাণ ছিল ৪৭ কোটি টাকা। সিঙ্গাপুরে ব্যয়ের পরিমাণ ৫৩ কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩৭ কোটি টাকায়। এ ছাড়া ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকা, যা নভেম্বরে ছিল ৩৪ কোটি টাকা।.
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ক্রেডিট কার্ড খরচে ভারত ছিল শীর্ষ গন্তব্য। তবে ভিসা সংক্রান্ত কড়াকড়ির কারণে দেশটিতে ভ্রমণ কমে আসায় ব্যয়ের হারও কমে গেছে। এর ফলে বাংলাদেশিরা এখন ব্যয়ের জন্য অন্যান্য দেশের দিকে ঝুঁকছেন।.
প্রতিবেদনে বিদেশে ডেবিট কার্ড ব্যবহারের চিত্রও তুলে ধরা হয়েছে। ডেবিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ব্যয় করেছেন যুক্তরাজ্যে, যার পরিমাণ ৬২ কোটি টাকা। এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র (৪৯ কোটি টাকা) এবং ভারত (৩৬ কোটি টাকা)।. .
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: