দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে হামের সংক্রমণের ক্ষেত্রে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতেই ইতোমধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এক মাসে দেশে ১৯ হাজার ১৬১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষাগারে ২ হাজার ৯৭৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।এ সময় হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬৬ জন। এর মধ্যে ৩০ জনের মৃত্যু সরাসরি হামজনিত বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সময়ে আক্রান্তদের মধ্যে ১২ হাজার ৩১৮ জনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে, যা দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।২০২৬ সালের ৪ এপ্রিল বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সংক্রমণের ঊর্ধ্বগতির বিষয়ে অবহিত করে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে ব্যাপক সংক্রমণ এবং টিকাদান কর্মসূচির ঘাটতিই বর্তমান পরিস্থিতির প্রধান কারণ।বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক পরামর্শক ডা. মুশতাক হোসেন বলেন, বর্তমান সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় হামকে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি হিসেবে ঘোষণা করা এবং জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি দ্রুত জোরদার করা এখন সময়ের দাবি।জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে সংক্রমণ আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে, যা শিশুস্বাস্থ্যসহ সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।.
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: