বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ধর্মের নামে বিভাজনের রাজনীতি নয়, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়। তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামী সারা দেশে ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে। “জামায়াত কি তাহলে ইসলামের ঠিকাদারি নিয়েছে?”—এমন প্রশ্নও তোলেন তিনি।.
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা শহরের মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান কাজলের পক্ষে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।.
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম ১৯৭৯ সালে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেন। বিএনপি সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করে একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে চায়।.
জামায়াতকে উদ্দেশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়েছে—তারা আজ নতুন করে স্বাধীনতার ইতিহাস লিখতে চাইছে। এটি ইতিহাস বিকৃতির শামিল। তিনি বলেন, ২৫ মার্চের কালরাতে ও ২৬ মার্চের প্রথম প্রহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এ কারণেই ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস।.
কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কক্সবাজারে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে, যা দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ গেটওয়েতে পরিণত হবে। পাশাপাশি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, বঙ্গোপসাগরের সমুদ্রসম্পদ আহরণ এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি কক্সবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী লুৎফর রহমান কাজলকে ভোট দেওয়ার আহ্বান জানান।.
জনসভায় বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল বলেন, বিএনপি গরিব ও সাধারণ মানুষের দল। কক্সবাজারের মানুষ শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপি ও ধানের শীষকে ভালোবাসে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় কালো আইন প্রয়োগ করে কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ বাধাগ্রস্ত করা হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন আইন প্রণয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেন তিনি।.
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আইনজীবী, যুবদল ও অঙ্গসংগঠনের নেতারা।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: