২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে একটি আধুনিক ডাকবাংলো নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এখানে কোনো সরকারি ডাকবাংলো না থাকায় প্রশাসনিক ও অতিথি আবাসনের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। স্থানীয়দের দীর্ঘদিনের সেই প্রত্যাশাই এবার বাস্তব রূপ পাচ্ছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধাসম্পন্ন ভবনটি।
শুক্রবার দুপুর ১২টায় উপজেলা শিশু পার্ক প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন জোরদারে কাজ করছে। শিবগঞ্জে আধুনিক ডাকবাংলো নির্মিত হলে সরকারি কর্মকর্তা, আগত অতিথি ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের জন্য মানসম্মত আবাসনের সুযোগ সৃষ্টি হবে। এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা আরও সহজ ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দীর্ঘদিন ধরে একটি মানসম্মত ডাকবাংলোর দাবি জানিয়ে আসছিলেন উপজেলার বাসিন্দারা। সেই প্রেক্ষাপটে এ প্রকল্প বাস্তবায়নকে তারা উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। অনুষ্ঠানে উপস্থিত একটি গ্রামার স্কুলের শিক্ষার্থীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করে।.
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: