• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া শেরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-চাঁদা দাবির অভিযোগ


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৬ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়ার শেরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে পৌর যুবদল নেতা তরিকুল ইসলাম সম্রাটের বিরুদ্ধে। এ ঘটনায় সম্রাটকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর পৌর এলাকার ফলপট্টিতে মেসার্স সায়েম ট্রেডার্স ও সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।মামলার বাদী ও প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল্লাহ আল রাফাতের অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় যুবদল নেতা তরিকুল ইসলাম সম্রাট ওই প্রতিষ্ঠানে গিয়ে কর্মচারীদের হুমকি দেন এবং তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক ও রাফাতের বাবা প্রবাসী আব্দুল মান্নানের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রতিষ্ঠানের জায়গা দখল এবং শেরপুরে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।এরপর ১০ সেপ্টেম্বর বিকেলে সম্রাটের মদদে ৫০ থেকে ৬০ জন ব্যক্তি প্রতিষ্ঠানে প্রবেশ করে হামলা ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে কয়েকজনকে প্রতিষ্ঠানের ভেতরে কর্মচারীদের সঙ্গে কথা বলা ও শাসাতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। এ সময় তারা প্রতিষ্ঠানের মালিক আব্দুল মান্নান ও তাঁর সন্তানদের খোঁজ করেন এবং একপর্যায়ে দোকানের শাটার নামিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়।এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, যাওয়ার সময় প্রতিষ্ঠানের টেবিলে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়।এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল মান্নানের ছেলে আব্দুল্লাহ আল রাফাত বাদী হয়ে শেরপুর থানায় এজাহার দেন। এতে তরিকুল ইসলাম সম্রাটকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।বাদী আব্দুল্লাহ আল রাফাত বলেন, তিনি শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির ঘটনায় তারা আতঙ্কিত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।রাফাত আরও অভিযোগ করেন, যুবদলের নাম ব্যবহার করে সম্রাট সরকারি অধিগ্রহণ করা জায়গা দখল করে ভাড়া বাণিজ্য করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তরিকুল ইসলাম সম্রাটের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার পর তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।তবে অভিযোগগুলোর সত্যতা ও হামলায় কারা জড়িত ছিলেন, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ