• ঢাকা
  • সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গভীর রাতে হাসিনার সঙ্গে বৈঠক করতেন এক-এগারোর কুচক্রীরা ওয়াসিম সিদ্দিকী


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:১৩ পিএম
গভীর রাতে হাসিনার সঙ্গে বৈঠক করতেন এক-এগারোর কুচক্রীরা ওয়াসিম সিদ্দিকী

বিতর্কিত ওয়ান-ইলেভেন (১/১১ সরকার) সরকারের সময় শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করতে রাতের আঁধারে গোপনে মিটিং করত ওই সরকারের কুশীলবেরা। শেখ হাসিনার কারামুক্তির আগ পর্যন্ত রাতের অন্ধকারে মাঝেমধ্যেই গোপনে মিটিং হতো তার সঙ্গে। মিটিংগুলো সমন্বয় করতেন ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আমিন। ভারতের পরিকল্পনায় ১/১১ সরকারের প্রধান কুশীলব সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদ ও ফখরুদ্দীন আহমদের পক্ষ থেকে এ টি এম আমিন সমন্বয় করতেন বলে রিমান্ডে তথ্য দিলেও গোপন মিটিংগুলোতে অংশ নিতেন না বলে দাবি করেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। নির্ভরযোগ্য সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।.

মাসুদ চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল রোববার ফের ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। এদিন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেয়। এর আগে তাকে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রায়হানুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।.

বিজ্ঞাপন.

অন্যদিকে ওয়ান-ইলেভেন সরকারের আরেক কুচক্রী ডিজিএফআইয়ের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ রিমান্ডে নানা রকম বিভ্রান্তিকর তথ্য দেওয়ার পর এখন ঘুরেফিরে একই কথা বলছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে (১/১১ সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব) নিয়ে রিমান্ডে মামুন খালেদ বলেছেন, ২০০৭-০৮ সালের ১/১১ সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। তার কারামুক্তির বিষয়েও তিনি ভূমিকা রেখেছিলেন বলে দাবি করেন।.

গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয় মামুন খালেদকে। পর দিন তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন। আজ ৩০ মার্চ তার পাঁচদিনের রিমান্ড শেষ হবে। তাকে দ্বিতীয় দফায় আবারও রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানা গেছে। শেখ হাসিনার শাসনামলে ২০১১-২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক থাকাকালীন মামুন খালেদের বিরুদ্ধে সাধারণ মানুষ, রাজনীতিক ও বরেণ্য সাংবাদিকদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।.

সেনা কর্মকর্তাদের জলসিঁড়ি আবাসন প্রকল্পের দায়িত্ব পাওয়ার পর দুর্নীতির মাধ্যমে এক হাজার এক কোটি ৪০ হাজার টাকা নয়ছয়ের গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ১/১১ সরকারের সময় চাঁদাবাজির মাধ্যমে কয়েকশ কোটি টাকা নিয়েছেন বলেও জানা গেছে। তবে তদন্ত কর্মকর্তাদের জেরার মুখে মামুন অর্থ লোপাটের কথা অস্বীকার করেন।.

এদিকে প্রথম দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে ১/১১ সরকারের সময় তারেক রহমানের ওপর নির্যাতনের বিষয়ে প্রশ্নে মাসুদ চৌধুরী বলেন, তারা বিএনপি, জিয়া পরিবার ও তারেক রহমানের পক্ষে কাজ করেছেন। পাশাপাশি তারেক রহমানের ওপর নির্যাতন চালানোর বিষয়ে অন্য কর্মকর্তাদের ওপর দোষ চাপানোর পুরোনো কথাই ঘুরেফিরে বলেছেন। এর আগে জিজ্ঞাসাবাদে মাসুদ চৌধুরী বিতর্কিত ওয়ান-ইলেভেন সরকার গঠনে মূল পরিকল্পনাকারী হিসেবে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (‘র’)-এর নাম বলেছিলেন। তাদের সহযোগিতা করেন তৎকালীন ডিজিএফআইয়ের কয়েকজন কর্মকর্তা। ভারতীয় গোয়েন্দা সংস্থাটি পরিকল্পনা শুরু করে ২০০৬ সালে বিএনপি সরকারের মেয়াদের শেষদিকে। এদের যৌথ উদ্যোগে জাতিসংঘের তৎকালীন আবাসিক অফিসের সঙ্গে সমন্বয় করে বিশ্ব সংস্থাটির নামে ভুয়া চিঠি তৈরি করা হয়। পরিকল্পনা অনুযায়ী তৎকালীন সেনাপ্রধান বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মাসুদ উদ্দিন চৌধুরীকে নিয়ে ক্ষমতা দখল করেন। বড় রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে ২০ বছর ক্ষমতায় থাকার পরিকল্পনা করে ১/১১ সরকার। গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকা থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা ও ফেনীতে ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।.

মাসুদ তদন্তসংশ্লিষ্টদের জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী বিএনপি সরকারের শেষদিকে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন মোড়ে জামায়াত-শিবিরের চারজন নেতাকর্মীকে লগি-বৈঠা দিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করে পরিকল্পনার সূচনা হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে চায় নিশ্চিত হয়ে পরিকল্পনা সাজানো হয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিপরীতে ভিন্ন ধরনের সরকার গঠনের ভারতীয় পরিকল্পনার অংশ হিসেবে পূর্বপরিকল্পিতভাবে এ ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড ঘটাতে পরিস্থিতি তৈরি করা হয়। এ ফাঁদে পা দিয়ে দেশে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২০০৭ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ইয়াজ উদ্দিন আহম্মেদের সরকার হটিয়ে ক্ষমতা দখল করেন বিএনপির নিয়োগ দেওয়া সে সময়ের সেনাপ্রধান মঈন উ আহমেদ এবং সাভারের ৯ম ডিভিশনের জিওসি মাসুদ উদ্দিন। ওয়ান-ইলেভেনের পেছনে কর্নেল (অব.) অলির যোগসাজশ রয়েছে বলেও দাবি করেন রিমান্ডে থাকা মাসুদ চৌধুরী। এছাড়াও বিদেশে শ্রমিক পাঠানোর নামে মাসুদ উদ্দিন তার ‘ফাইভ এম ইন্টারন্যাশনাল’ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ও তার সহযোগীরা প্রায় ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে এখনো কিছু স্বীকার করেননি। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকারও বেশি অর্থ পাচারের মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা তদন্ত করছে।.

মাসুদের দ্বিতীয় দফা রিমান্ড শুনানি.

গতকাল রোববার আদালতে ঢাকা মহানগর প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করে বলেন, এ মামলার এজাহারে তার নাম আছে এবং এ চক্রের সঙ্গে জড়িত। ১/১১-এর সময়ে এ আসামি ব্যবসায়ী ও রাজনীতিবিদদের হেনস্তা করতেন। ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় নিতে তিনি অনেক সহযোগিতা করেছেন। এর বিনিময়ে তিনি এমপি হয়েছেন, ব্যবসা করেছেন এবং অনেক সুবিধা পেয়েছেন। তাই তদন্তের স্বার্থে তাকে সাতদিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। তখন আদালত তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ২৪ মার্চ তাকে প্রথম দফায় পাঁচদিনের রিমান্ড আদেশ দেয় আদালত।.

শুনানিতে পিপি আরো বলেন, মামলায় বলা হয়েছে বাদী আলতাব খান ‘আফিয়া ওভারসিজ’ নামক রিক্রুটিং এজেন্সির স্বত্বাধিকারী হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিলেন। ১ ও ২ নম্বর বিবাদীসহ একটি সংঘবদ্ধ সিন্ডিকেট মাফিয়া চক্র বিদেশের শ্রমবাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে ফেলে। সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ৭৯ হাজার ৪৯০ টাকা থাকলেও এ সিন্ডিকেট প্রতি শ্রমিকের কাছ থেকে অতিরিক্ত দেড় লাখ টাকা করে আদায় করত। বাদীকে ব্যবসায় টিকে থাকতে হলে এ সিন্ডিকেটের মাধ্যমেই কাজ করতে বাধ্য করা হতো। পিপি বলেন, এভাবে ৮৪১ জন কর্মীর বিপরীতে বাদীর কাছ থেকে জোর করে ১২ কোটি ৫৬ লাখ এক হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া সিন্ডিকেটের অসহযোগিতার কারণে বাদীর আরো ২০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়। এ চক্রটি বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কাছ থেকে প্রায় ২৪ হাজার কোটি টাকা চাঁদা আদায় করে।.

মামলায় আরো ​অভিযোগ করা হয়, বিবাদীপক্ষ বিভিন্ন দেশে শ্রমিক পাচার করে তাদের আটকে রাখা, কাজ না দেওয়া এবং বেতন না দিয়ে জোরপূর্বক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। অনেক শ্রমিককে মানবেতর অবস্থায় শ্রম শোষণের শিকার হতে হয়েছে।.

ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. রায়হানুর রহমান আদালতকে জানান, আগের পাঁচদিনের রিমান্ডে আসামির কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেলেও তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় কৌশলে এড়িয়ে গেছেন। বিশেষ করে পাওয়ার অব অ্যাটর্নি প্রাপ্ত এজেন্সিগুলোর নির্বাচনের পদ্ধতি, এফডব্লিউসিএমএস-এর অপারেশনাল কার্যক্রম, ২০২২-২০২৪ সালে মালয়েশিয়ায় পাঠানো কর্মীদের প্রকৃত তথ্য এবং আত্মসাৎ করা বিশাল অঙ্কের টাকা উদ্ধারের লক্ষ্যে তাকে পুনরায় সাতদিনের রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।.

.

Ajker Bogura / Md Shourov Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ