বগুড়ার সদর উপজেলায় পাওনা টাকার দাবিকে কেন্দ্র করে এক বিধবা বৃদ্ধার ঘরে তালা লাগিয়ে তার জীবিকার একমাত্র অবলম্বন দুটি গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসহায় বৃদ্ধা থানায় অভিযোগ দায়ের করেছেন।.
ভুক্তভোগী মোছা. মরিয়ম বেগম (৬৫) বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের বাসিন্দা। প্রায় পাঁচ মাস আগে বার্ধক্যজনিত কারণে তার স্বামী মোহাম্মদ আলী সরকার মারা যান। এরপর স্বামীর রেখে যাওয়া একটি দুধেল গাভী ও বাছুরের দুধ বিক্রি করেই তার সংসার চলছিল।.
অভিযোগ সূত্রে জানা যায়, মরিয়ম বেগমের ছেলে রফিকুল ইসলাম বাড়ির পাশে একটি সমবায় সমিতি পরিচালনা করতেন। কিস্তির মাধ্যমে টিভি, ফ্রিজসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতেন তিনি। কিছুদিন আগে ওই সমিতির ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টিভি, ফ্রিজসহ বেশ কিছু মালামাল পুড়ে যায় এবং আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি।.
এ ঘটনায় সমিতির কয়েকজন গ্রাহক তাদের জমাকৃত টাকা ফেরতের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, শনিবার (২৫ এপ্রিল) দুপুরে একই গ্রামের কয়েকজন নারী-পুরুষ রফিকুল ইসলামকে না পেয়ে তার বাড়িতে গিয়ে বৃদ্ধা মা মরিয়ম বেগমকে লাঞ্ছিত করেন। পরে তারা ঘরে ঢুকে গাভী ও বাছুরসহ নগদ টাকা ও কিছু মালামাল নিয়ে যান এবং তার ঘরে তালা লাগিয়ে চলে যান।.
মরিয়ম বেগম বলেন, “আমি আলাদা ঘরে থাকি, ছেলের সঙ্গে তাদের কী লেনদেন তা আমি জানি না। কিন্তু তারা এসে আমার ওপর চড়াও হয়, গায়ে হাত তোলে এবং আমার গাভী-বাছুর জোর করে নিয়ে যায়। এখন ঘরে তালা থাকায় বারান্দায় রাত কাটাতে হচ্ছে।”.
অভিযুক্তদের সঙ্গে কথা হলে তারা জানান, পাওনা টাকা আদায়ের জন্যই গরু দুটি নিজেদের কাছে আটকে রাখা হয়েছে। তাদের দাবি, রফিকুল ইসলাম টাকা পরিশোধ করলেই গরু ফেরত দেওয়া হবে।.
এ ঘটনায় বৃদ্ধা মরিয়ম বেগম ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: