• ঢাকা
  • শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

পুলিশের সহযোগিতা করায় কলেজছাত্র আশরাফুলকে পিটিয়ে হত্যা, বিচারহীনতার প্রতিবাদে রাস্তায় শিক্ষা


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১০ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সহযোগিতা করায় মাদক ব্যবসায়ীদের প্রতিশোধের শিকার হয়ে নির্মমভাবে নিহত হয়েছেন কলেজছাত্র মো. আশরাফুল। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিসহ সাতজন এখনো পলাতক থাকায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে দ্রুত আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।.


মানববন্ধনে অংশ নিয়ে নিহত আশরাফুলের মা নিগার সুলতানা কান্নায় ভেঙে পড়েন। ছেলের শোকে আহাজারি করতে করতে তিনি বলেন, “বিচার চাই না, আমার বাবা লাগবো। আমার বুকের হাহাকারটা নিভাইয়া দে।” একই কর্মসূচিতে নিহতের মামা কে এম সালেহ আহমেদ অভিযোগ করে বলেন, এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ীকে ধরতে পুলিশকে তথ্য দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আশরাফুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরিবার ও এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি জানান।.


মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে উত্তর চরবংশী গ্রামের পূর্ব ডালিকান্দি বিলে আশরাফুলের ওপর হামলা চালায় নাহিদ বেপারী, শাহিন বেপারীসহ অভিযুক্তরা। তারা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলেও ২০ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনায় তার বাবা আজিজুল হক ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। র‍্যাব ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে এবং তারা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান রায়পুর থানার ওসি শাহীন মিয়া।. .

Ajker Bogura / Sansil Arifin

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ