.
কৃষি উৎপাদন বৃদ্ধি, আমদানিনির্ভরতা কমানো এবং রপ্তানিমুখী কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বগুড়াসহ চার জেলায় ২৫০ কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।.
রোববার বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে আয়োজিত ‘বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।.
বগুড়া কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক, ক্রপস উইংয়ের পরিচালক ড. সালমা লাইজু, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঈশ্বরদীর অধ্যক্ষ মো. মতলুবর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো. সামছুদ্দিন ফিরোজ।.
প্রকল্প পরিচালক এনামুল হক স্বাগত বক্তব্যে জানান, প্রকল্পের আওতায় কৃষির আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের জন্য ২৪টি প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে শস্যের নিবিড়তা বৃদ্ধি, কমিউনিটিভিত্তিক জৈব সার উৎপাদন, জৈব পদ্ধতিতে সবজি চাষ, উদ্যোক্তাদের মাধ্যমে মানসম্মত বীজ উৎপাদন, ফলের বাগান সম্প্রসারণ এবং কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি।.
কর্মশালায় বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং কৃষি খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে কৃষকরা আরও লাভবান হবেন এবং কৃষির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি পাবে।.
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম বলেন, সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।.
তিনি বলেন, আগামী পাঁচ বছরে বগুড়াসহ চার জেলায় ২৫০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষির বহুমুখীকরণ এবং আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।.
অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নে কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও কৃষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।.
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: