বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত প্রায় ৮৭ কিলোমিটার দীর্ঘ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গত শুক্রবার বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ১২ হাজার ৪৪২ কোটি টাকার এই প্রকল্পের কাজ ২০৩১ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এ খাতে ইতোমধ্যে ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।.
.
তিনি আরও জানান, বগুড়া শহরের যানজট কমাতে রানীরহাট থেকে বগুড়া পর্যন্ত ঢাকার মেট্রোরেলের আদলে উড়াল রেলপথ নির্মাণের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এতে বগুড়ার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে না এবং শহরের যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে।.
.
এদিকে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগও নিয়েছে সরকার। প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহেই সংশোধিত আইন মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য উঠবে। নতুন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা, বাণিজ্য, সামাজিক বিজ্ঞান, কৃষি, প্রকৌশল ও চিকিৎসাসহ সব অনুষদ থাকবে এবং দেশি-বিদেশি গবেষকদের জন্য গবেষণার সুযোগ সৃষ্টি করা হবে।.
.
সভায় বগুড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: