নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের হুগলি জশিউড়া গ্রামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম শোক ও উত্তেজনা বিরাজ করছে।.
স্থানীয় সূত্রে জানা যায়, হুগলি জশিউড়া গ্রামের মোঃ আরশাদের ৬ বছর বয়সী মেয়ে জান্নাত আক্তার গত সোমবার (০৪ মে ২০২৬) বিকাল আনুমানিক ৪টার দিকে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।.
পরবর্তীতে আজ সকালে হুগলির রাম মোহন পাল (খোকন) প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক ও শ্রমিক দল ধান কাটার কাজে মাঠে গেলে তারা একটি শিশুর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় জমে যায়।.
প্রাথমিকভাবে জানা গেছে, মরদেহটি অর্ধবিকৃত অবস্থায় পাওয়া যায়। শিশুটির মুখ বাঁধা ছিল বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে এ বিষয়ে এখনো পুলিশি তদন্তের মাধ্যমে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।.
ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।.
পুলিশ জানিয়েছে, এটি নিখোঁজের পর হত্যাকাণ্ড কিনা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। ইতোমধ্যে আশপাশের এলাকা থেকে তথ্য সংগ্রহ ও সন্দেহভাজনদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।.
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।.
পুলিশ প্রশাসন বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।. .
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: