পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি যেন না বাড়ে, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান এবং অনাচার ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।.
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি ও দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে শুরু করেছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই এখন এই সরকারের প্রধান অগ্রাধিকার। .
আজ (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এমনটা বলেন। .
আইনশৃঙ্খলার অবনতির অন্যতম কারণ হিসেবে সারাদেশে জুয়া ও মাদকের বিস্তারকেও চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'জুয়া এবং মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী সবরকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।' .
রমজান মাসে দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার আহবান, রামাদানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন।' .
তারেক রহমান অনাচার ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, 'হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার ও অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর।'.
তবে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে, সরকার ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থ রক্ষায় কাজ করবে। তিনি বলেন, 'বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বা উভয়ের স্বার্থ রক্ষায় আপনাদের যেকোনো পরামর্শ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা, এই সরকার সকলেরই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি।' .
রোজাদারদের সুবিধার্থে ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি অপচয় রোধে কৃচ্ছতা সাধনের আহ্বান জানান। তিনি বলেন, 'অফিস-আদালতে বিনা প্রয়োজনে বা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ ও পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতের অংশ।'.
সরকারি কর্মকর্তাদের কৃচ্ছতা সাধনের আহ্বান জানানোর আগে তিনি নিজের দলের এমপিদের দিয়েই দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জানান, 'বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না।'.
রাজধানী ঢাকার যানজট ও জনদুর্ভোগ কমাতে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'মানুষ যাতে নিজ জেলায় বা নিজের বাসা-বাড়িতে থেকেও সহজভাবে অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্য করতে পারেন, সেই লক্ষ্যে সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা সহজ, সুলভ ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথমেই রেল নৌ সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। আমরা মনে করি, সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থার সহজ সুলভ এবং নিরাপদ করা করা গেলে একদিকে যেমন জনগণের শহর-নগরকেন্দ্রিক নির্ভরতা কমবে অপরদিকে পরিবেশেরও উন্নতি হবে।' .
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণ ও শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মেধায়, জ্ঞানে ও বিজ্ঞানে নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য সবরকম সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মান এবং স্বচ্ছলতার সঙ্গে টিকে থাকতে হলে আমাদেরকে কোনো না কোনো একটি বিষয়ে বা কাজে পারদর্শী হতে হবে। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশে বলতে চাই, মেধায় জ্ঞানে বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যতরকমের সহযোগিতা দেয়া যায়, সবরকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। .
প্রধানমন্ত্রী বলেন, 'নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন বা দেননি, অথবা কাউকেই ভোট দেননি—এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান। দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার।'.
তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, 'আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি। ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি।'.
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: