রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পশ্চিম অংশে অবস্থিত একটি ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন-২ (এসপিবিএন-২)-এ কর্মরত দুই সদস্য মো. সামিউল ইসলাম ও মো. আল আমীন শেখ সাধারণ পোশাকে সেখানে ঘুরতে যান। এ সময় চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের পথরোধ করে।
ছিনতাইকারীরা ধারালো অস্ত্রসহ ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা দিতে চাপ দেয়। পুলিশ সদস্যরা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর শুরু করে।
একপর্যায়ে সামিউলের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। অপরদিকে আল আমীন শেখ টাকা ও মোবাইল দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা ধারালো সামুরাই দিয়ে তার হাতে ও পিঠে আঘাত করে। আহত অবস্থায় তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় চারজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাটি রাজধানীতে ছিনতাই ও অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: