দীর্ঘ সময় পর বাংলাদেশের জাতীয় দলে ফেরার পথে আরও এক ধাপ এগোলেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথি সরকারের কাছে জমা দিয়েছে। এ উদ্যোগকে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ ইতিবাচক হিসেবে দেখেছে এবং মনে করছে, এতে সাকিবের দেশে ফেরার ও জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ আরও সুগম হয়েছে।.
সাকিব আল হাসানকে আবার জার্সিতে দেখার আশা এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোরালো। সরকারের সঙ্গে বিসিবি ও নিজ সাকিব—তিন পক্ষই প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত। আলোচনার মূল বিষয় ছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে দায়ের হওয়া মামলাগুলোর ভবিষ্যৎ। সেই জট সামলানোর জন্য ইতোমধ্যেই সরকারের তরফে সবুজ সংকেত এসেছে।.
নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নির্বাচনের আগে থেকেই স্পষ্ট করেছিলেন যে, রাজনৈতিক কারণে কোনো ক্রীড়াবিদ যেন ক্ষতিগ্রস্ত না হন। প্রতিমন্ত্রী হিসেবে তিনি বারবার জানিয়েছিলেন, সাকিব আল হাসান এবং মাশরাফি মুর্তজা জাতীয় দলের ক্রিকেটারদের দেশে ও মাঠে ফেরানোর ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।.
বিসিবির এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখেছে নবনির্বাচিত সরকার। বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছিলেন যে, সাকিবের নামে থাকা মামলাগুলোর নিষ্পত্তি সরকারের তত্ত্বাবধানে হবে। সেই সঙ্গে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হবে। জাতীয় দলের প্রয়োজনে সাকিবকে ফেরানোর জন্য বিসিবি আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে আবেদন করেছে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় এবার মামলার নথি জমা দেওয়া হলো।.
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। এই সিরিজ থেকেই দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে দেশের সাবেক এই অধিনায়কের। ক্রিকেটাঙ্গন ইতিমধ্যেই তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে প্রস্তুত, যা জাতীয় দলের জন্য বড় উদ্দীপনা হতে পারে।.
সূত্র: আরটিভি . .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: