• ঢাকা
  • বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

এক পা হারিয়েও গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এক পা হারিয়েও দমে যায়নি মাহফুজ। হুইলচেয়ারে ভর করে পড়াশোনা চালিয়ে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে সে। তার অদম্য সাফল্যের গল্প শুনে উচ্চশিক্ষাসহ পড়াশোনার যাবতীয় খরচ বহনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। পাশাপাশি নিজের খরচে মাহফুজের কৃত্রিম পা লাগিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে বগুড়ার শিবগঞ্জে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার জিপিএ-৫ পাওয়া ২৩৩ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে মাহফুজের সাফল্যের কথা জানতে পেরে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। আগামী বৃহস্পতিবার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মাহফুজের কৃত্রিম পা লাগানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।.

মাহফুজ শিবগঞ্জ উপজেলার কিচক ঠাকুরপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় একটি পা হারানোর পরও শারীরিক প্রতিবন্ধকতা তার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। হুইলচেয়ারকে সঙ্গী করে নিয়মিত পড়াশোনা চালিয়ে গিয়ে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে সে।.

অনুষ্ঠানে মাহফুজের সাফল্যের গল্প উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে। তার পাশে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও যারা সাফল্য অর্জন করেছে, তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। মাহফুজের মতো অদম্য শিক্ষার্থীরা পরিবার ও সমাজের জন্য অনুপ্রেরণা।.

মীর শাহে আলম বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও স্বপ্নই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে। তাদের সাফল্যের পথ সহজ করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।.

এ সময় কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে আরও দুটি ঘোষণা দেন প্রতিমন্ত্রী। দেশের সেরা ১০টি কলেজের যেকোনো একটিতে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি সব স্কুলছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়ার কথাও জানান।.

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ২৩৩ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তাদের সনদপত্র, মগ, নগদ অর্থ, খাতা, কলম, স্কুলব্যাগ এবং ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা দেওয়া হয়।.

এক পা হারিয়েও গোল্ডেন জিপিএ-৫ অর্জনের মাধ্যমে মাহফুজ দেখিয়েছে, শারীরিক প্রতিবন্ধকতা স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। তার উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার প্রতিমন্ত্রীর ঘোষণা কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা আয়োজনকে আরও মানবিক ও অনুপ্রেরণামূলক করে তুলেছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ