আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।.
সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধিতে পরিবর্তন আনার কাজ চলছে। এসব প্রস্তুতি শেষ করে সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।.
তিনি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে নিজেদের সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করতে শুরু করেছে। এতে নির্বাচনকে ঘিরে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।.
সিইসি অতীতের স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একই পরিবার বা একই এলাকার প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থেকে অনেক সময় সংঘর্ষ ও রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। তাই তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীলতা ও পারস্পরিক সমঝোতা বজায় রাখার আহ্বান জানান।.
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক দল ও ভোটারসহ সবার সহযোগিতা প্রয়োজন।.
অনুষ্ঠানে সিইসি নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলে স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা আরও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে।. .
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: