• ঢাকা
  • সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শাজাহানপুরে হিন্দুপাড়ায় চাঁদাবাজির অভিযোগে সাগরকে গণপিটুনি, দুই পা ভাঙার দাবি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০৬ এএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল হিন্দুপাড়ায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে শতাধিক পরিবারকে জিম্মি করে রাখার অভিযোগে সাগর (৩২) নামে এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এতে তার দুই পা ভেঙে গেছে বলে জানিয়েছে পুলিশ।রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাবরুল হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।আহত সাগর উপজেলার শাবরুল বাগিচাপাড়া এলাকার ঠান্ডু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জোড়া খুনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়দের অভিযোগ, সাগর, জলিল, আলমগীরসহ কয়েকজন দীর্ঘদিন ধরে হিন্দুপাড়ার বাসিন্দাদের নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। প্রায় এক মাস আগে তারা জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করেন। ভয়ে কেউ থানায় অভিযোগ করতে সাহস পাননি।স্থানীয় বাসিন্দা কনক বাবু জানান, রোববার সকালে সাগর, জলিল ও তাদের সহযোগীরা গ্রামে প্রবেশ করে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তারা এক ব্যক্তির পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরতে শুরু করেন। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে সাগরকে আটক করেন। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।পরে উত্তেজিত জনতা সাগরকে মারধর করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, গণপিটুনিতে সাগরের দুই পা ভেঙে গেছে এবং মাথায়ও গুরুতর আঘাত রয়েছে।তিনি আরও বলেন, অভিযুক্তদের অত্যাচারে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।.

.

Ajker Bogura / Samsil Arifin

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ