দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর আবারও সম্প্রচারে ফিরছে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ান। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট থেকে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার রাজধানীর এক সংবাদ সম্মেলনে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন জানান, ২০০৬ সালে যাত্রা শুরুর পর থেকেই চ্যানেল ওয়ান তথ্য ও বিনোদনের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছিল। তবে ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ করেই এর সম্প্রচার বন্ধ হয়ে যায়।তিনি দাবি করেন, রাজনৈতিক সিদ্ধান্তের কারণে চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়েছিল এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সব বাধা কাটিয়ে আবারও দর্শকদের সামনে ফিরছে চ্যানেল ওয়ান। গত বছরের আদালতের আদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আগের সিদ্ধান্ত স্থগিত হওয়ায় সম্প্রচারের পথ খুলে যায়।চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন যাত্রায়ও তারা দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসী সাংবাদিকতার নীতি বজায় রাখবে। একইসঙ্গে পুরোনো দর্শকদের আস্থা ধরে রেখে নতুন প্রজন্মের জন্য আধুনিক অনুষ্ঠানমালা নিয়ে হাজির হবে চ্যানেলটি।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: