• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে স্বামী নিহত, অভিযুক্ত গ্রেপ্তার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:২৬ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেনী শহরের মহিপাল এলাকায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নূর নবী হোসেন (৩০) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মো. শাহ পরান ওরফে ফয়সালকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, রোববার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মহিপাল ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। নিহত নূর নবী ভোলা জেলার বাসিন্দা ছিলেন। নদীভাঙনে সর্বস্ব হারিয়ে তিনি স্ত্রী বিবি ফাতেমাকে নিয়ে ফেনীর মহিপাল এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন। দুজনেই রাস্তাঘাট থেকে প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন জিনিস সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং রাতে ফ্লাইওভারের নিচে অবস্থান করতেন।স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় ঘুমন্ত অবস্থায় বিবি ফাতেমাকে স্পর্শ করে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে ফয়সালের বিরুদ্ধে। এতে ফাতেমা প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। স্ত্রীর চিৎকার শুনে নূর নবী এগিয়ে এসে বাধা দিলে একপর্যায়ে ফয়সাল ধারালো চাকু দিয়ে তার পেটে আঘাত করেন।গুরুতর আহত নূর নবীকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার দিবাগত রাত ২টার দিকে দাগনভূঞা এলাকা থেকে অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করে।ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজল কান্তি দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহিপাল ফ্লাইওভারের নিচের একটি পরিত্যক্ত গর্ত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ফয়সালের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ