• ঢাকা
  • শনিবার, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

উত্তরাঞ্চলের যোগাযোগ ও প্রতিরক্ষা অবকাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তরাঞ্চলের যোগাযোগ ও প্রতিরক্ষা অবকাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, বগুড়ায় বিমান ঘাঁটি স্থাপনের অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে এবং তুরস্কের সহযোগিতায় সেখানে একটি ড্রোন কারখানা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।.

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে এসব তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলে এখনো আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। সেই বাস্তবতা বিবেচনায় বগুড়াকে একটি গুরুত্বপূর্ণ বিমান চলাচল ও প্রতিরক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে বিমানবাহিনীর বহরে যুক্ত হওয়া নতুন যুদ্ধবিমানও এই বিমান ঘাঁটির আওতায় পরিচালিত হবে।.

প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। শিক্ষা, অবকাঠামো ও প্রশাসনিক উন্নয়নের নানা উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। তিনি জানান, বগুড়ায় নতুন চারটি ইউনিয়ন গঠন করা হয়েছে। পরে জনমতের ভিত্তিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করা হয়েছে।.

তিনি দাবি করেন, দীর্ঘ সময় বগুড়া উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল। বর্তমান সরকার দেশের অন্যান্য জেলার মতো বগুড়ারও সমান উন্নয়নে কাজ করছে। সেই লক্ষ্যেই বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।.

নিজের পরিবারের সদস্যদের নিয়ে ওঠা সমালোচনার প্রসঙ্গেও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তার ছেলে ক্রিকেট বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও পরবর্তীতে ব্যবসায় মনোযোগ দেওয়ার জন্য তাকে পদত্যাগ করতে বলা হয় এবং তিনি পদত্যাগও করেন। অতীতে রাজনৈতিক কারণে তাদের পরিবারের সদস্যরা নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।.

সম্পদের বিষয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তার নির্বাচনী হলফনামায় সব সম্পদের তথ্য নির্বাচন কমিশনের নথিতে রয়েছে। বৈধ উপায়ে অর্জিত সম্পদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে প্রয়োজন হলে তদন্ত করার আহ্বান জানান তিনি।.

এ সময় তিনি আরও জানান, চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। সরকারের সামনে যেমন উন্নয়ন বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়েছে, তেমনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনও একটি বড় দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ