গত ১০ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন আত্মহত্যা করেছেন, নয়জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং বাকি চারজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। নিহতদের মধ্যে পাঁচজন মেডিকেল শিক্ষার্থী এবং অন্যরা বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে শুক্রবার (৩ এপ্রিল) একদিনেই। এছাড়া পদ্মায় বাসডুবির ঘটনা একই দিন মারা যান চার শিক্ষার্থী।.
গত মাসের ১০ তারিখ (মঙ্গলবার) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজশাহীর বেসরকারি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী আনিসা শারমিলা নাফিসা। গত ৩ মার্চ মেডিকেল কলেজ থেকে বাসায় ফেরার পথে নগরীর লিলি হল সংলগ্ন এলাকায় মিনি ট্রাকের সঙ্গে দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাফিসা।.
শুক্রবার শিক্ষকের রোষানলে পড়ে এক বিষয়ে পাঁচ বার ফেল করে অভিমানে ১০৯টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন কুমিল্লার বেসরকারি সেন্ট্রাল মেডিকেল কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী অর্পিতা নওশিন।.
বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২১তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী আসিফ আসমাত নিবিড় মারা যান গত মাসের ১৩ তারিখ (শুক্রবার)। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। আসিফ আসমাত নিবিড়ের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। তিনি চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি কলেজে অধ্যয়ন শেষে প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে বুয়েটে ভর্তি হয়েছিলেন। তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন এবং অনুবাদ করতেন।.
গত ১৬ মার্চ (সোমবার) সকালে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি এলাকায় বাসার ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রেখে গেছেন।.
একই দিন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থী দীপা দাস দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেন। জানা গেছে, আগেরদিন বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। পরে তিনি স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।.
সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার কর্মকারপাড়ায় গত ১৮ মার্চ সজীব দত্ত (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। পরিবারের দাবি, তিনি শৈশব থেকেই নানা শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন।.
পদ্মায় বাসডুবির ঘটনায় একই দিন চার শিক্ষার্থী প্রাণ হারান। তাদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী জোহরা অন্তি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী সাইফ আহমেদ এবং আয়েশা আক্তার সোমা।.
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রহমান ইমন গত ২২ মার্চ গাজীপুরের কালীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।.
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের বাস ডুবির ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়।.
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম খায়রুল গত ২৭ মার্চ আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।.
রাজধানীর ভাটারার একটি বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে গত ২৯ মার্চ আনিপা নিন্দিয়া (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।.
গত ৩০ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার প্রাইভেটকারের ধাক্কায় নিহত হন।.
রাজধানীর হাজারীবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সীমান্ত বিষাক্ত দ্রব্য পানে আত্মহত্যা করেন।.
রাজধানীর উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করা হয়, যা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।.
বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ নাফিজ অসুস্থতার কারণে মারা যান।.
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী সুমাইয়া সাবরী মাহি ডায়রিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান।.
---.
এসব শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের স্মৃতিচারণ করে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা বেদনা প্রকাশ করছেন। এই ধারাবাহিক মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও সামগ্রিক ক্যাম্পাস পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে।.
Courtesy: দ্য ডেইলি ক্যাম্পাস.
.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: