বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর পূর্বপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে আব্দুস সামাদের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল আগুনে পুড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরিবারের সদস্যরা কোনো কিছুই বের করতে পারেননি। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, মাত্র এক বছর আগেও একই বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই আগুনে পরিবারের এক সন্তান প্রাণ হারায়। আগের সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা নিশ্চিত করা হোক।.
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: