• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সাংবাদিকতায় অনন্য অবদানে একুশে পদক পেলেন বগুড়ার কৃতি সন্তান শফিক রেহমান


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩৩ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাংবাদিকতা, রাজনৈতিক বিশ্লেষণ ও টেলিভিশন উপস্থাপনায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পাচ্ছেন বগুড়ার কৃতি সন্তান শফিক রেহমান। তিনি একাধারে সাংবাদিক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক হিসেবে পরিচিত। বাংলাদেশের ভালোবাসা দিবস উদযাপনের প্রচলক হিসেবেও তাকে স্মরণ করা হয়।.

১৯৩৪ সালের ১১ নভেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন শফিক রেহমান। তার পিতা সাঈদ-উর-রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর দর্শনের শিক্ষক এবং তিনি শেখ মুজিবুর রহমান-এরও শিক্ষক ছিলেন। শফিক রেহমান ১৯৪৯ সালে পুরান ঢাকার সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৫১ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও ১৯৫৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গিয়ে ১৯৬৫ সালে Institute of Chartered Accountants in England and Wales থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি সম্পন্ন করেন।.

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি ইংল্যান্ডে অবস্থান করে বাংলাদেশের পক্ষে কাজ করেন। ১৯৮৪ সালে তিনি সাপ্তাহিক যায়যায়দিন প্রতিষ্ঠা করেন, যা তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের সমালোচনার জন্য ব্যাপক পরিচিতি পায়। ১৯৮৬ সালে সরকার পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করলে তিনি দেশত্যাগে বাধ্য হন এবং ১৯৯১ সাল পর্যন্ত লন্ডনে অবস্থান করেন। সেখানে তিনি স্পেকট্রাম রেডিও-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।.

দেশে ফিরে তিনি ডেমোক্রেসি ওয়াচ প্রতিষ্ঠা করেন এবং সাংবাদিকতা ও রাজনৈতিক বিশ্লেষণে সক্রিয় ভূমিকা রাখেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশন-এ ‘লাল গোলাপ’ নামের টক শো উপস্থাপনা করতেন, যা পরবর্তীতে বাংলাভিশন-এ প্রচারিত হয়।.

বগুড়ার এই কৃতি সন্তান তার কর্মময় জীবন, নির্ভীক সাংবাদিকতা ও গণতান্ত্রিক চেতনার পক্ষে অবস্থানের জন্য জাতির স্মরণীয় হয়ে থাকবেন। একুশে পদকে ভূষিত হওয়া তার দীর্ঘ সংগ্রাম ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।.

.

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

স্মরণীয় ও বরণীয় বিভাগের জনপ্রিয় সংবাদ