• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ‘অতিথি সেজে’ বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে হত্যা


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৪৮ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে নিজ বাড়িতেই প্রাণ হারিয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা শাহনাজ বেগম (৭০)। শনিবার সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে এ ঘটনা ঘটে।.

 .

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মা-ছেলে পরিচয়ে দুই ব্যক্তি অতিথি সেজে বাড়িতে প্রবেশ করে কৌশলে শাহনাজ বেগমের সঙ্গে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে সুযোগ বুঝে তাঁর গলা কেটে হত্যা করে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।.

 .

ঘটনার সময় বাড়িতে ছিলেন নিহতের পুত্রবধূ সৈয়দা জিন্নাত আকতার ও তাঁর ছোট মেয়ে। জিন্নাত আকতার জানান, সন্ধ্যার কিছু আগে চল্লিশোর্ধ্ব এক নারী এসে নিজেকে পূর্বপরিচিত দাবি করে শাহনাজ বেগমের সঙ্গে গল্পে মেতে ওঠেন। পরে তাঁর ছেলে পরিচয়ে ২৩-২৪ বছর বয়সী এক তরুণ বাড়িতে আসে। তাদের আপ্যায়ন করে শাশুড়ির ঘরে রেখে তিনি মাগরিবের নামাজ পড়তে যান।.

 .

নামাজ শেষে হঠাৎ শাশুড়ির চিৎকার শুনে ঘর থেকে বের হতে গেলে দেখেন দরজা বাইরে থেকে আটকানো। পরে প্রতিবেশীদের সহায়তায় বের হয়ে শাশুড়ির ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ওই নারী ও তরুণকে আর খুঁজে পাওয়া যায়নি। পুরো ঘটনাটি মাত্র আধা ঘণ্টার মধ্যেই ঘটে বলে জানান তিনি।.

 .

নিহতের পরিবার জানায়, বাড়ি থেকে কোনো টাকাপয়সা বা স্বর্ণালঙ্কার খোয়া যায়নি। ফলে হত্যার উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের দাবি, কারও সঙ্গে তাদের কোনো বিরোধও ছিল না।.

 .

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, পুত্রবধূর বর্ণনা যাচাই করা হচ্ছে এবং সন্দেহভাজনদের শনাক্তে কাজ চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ