দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাস্তবতার পথে এগোলো বগুড়ার মোকামতলাবাসীর বহুদিনের দাবি। জাতীয় বাস্তবায়ন, উন্নয়ন ও সংস্কার সংক্রান্ত নির্বাহী কমিটির (নিকার) বৈঠকে নতুন উপজেলা হিসেবে মোকামতলার প্রস্তাব নীতিগত অনুমোদন পাওয়ায় পুরো এলাকায় বইছে আনন্দের বন্যা। স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে স্বস্তি, উচ্ছ্বাস এবং নতুন সম্ভাবনার স্বপ্ন।
জানা গেছে, বর্তমানে বগুড়ার শিবগঞ্জ উপজেলা-এর আওতাধীন মোকামতলা ইউনিয়নসহ আরও চারটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনিক কার্যক্রমের জন্য দূরবর্তী উপজেলায় যেতে হওয়ায় ভোগান্তিতে পড়তেন সাধারণ মানুষ। নতুন উপজেলা বাস্তবায়ন হলে সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন পরবর্তী ধাপে সরকারি প্রজ্ঞাপন জারি এবং প্রশাসনিক কাঠামো নির্ধারণের কাজ শুরু হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মোকামতলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তব রূপ পেয়েছে। তিনি বলেন, নতুন উপজেলা চালু হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি সেবা, আইনশৃঙ্খলা এবং অন্যান্য সরকারি সুবিধা মানুষের আরও কাছাকাছি পৌঁছে যাবে।
স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, উপজেলা প্রতিষ্ঠার ফলে নতুন সরকারি অফিস, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।
এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তার ঢল নেমেছে। অনেকেই এটিকে মোকামতলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করছেন।.
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: