• ঢাকা
  • মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৫ বাংলাদেশির মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ওমরাহ শেষে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের চারজনসহ ৫ বাংলাদেশির মৃত্যু

ওমরাহ হজ পালন শেষে সৌদি আরবে নিজ বাসায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোক ও কান্নার মাতম।
নিহতদের মধ্যে রয়েছেন সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), তাদের স্কুলপড়ুয়া কন্যা মেহের আফরোজ (১২), দেড় বছর বয়সী ছোট মেয়ে সুবহা আক্তার এবং গাড়িচালক মো. জিলানী বাবর (৩০)। দুর্ঘটনায় পরিবারের আরেক মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।.


পরিবার সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। গত ৩ ফেব্রুয়ারি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। ওমরাহ শেষে রবিবার রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। বাংলাদেশ সময় রাত আনুমানিক ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে স্বজনরা নিশ্চিত করেছেন।.


নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের শহীদ উল্যাহর ছেলে। নিহত মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন। আর নিহত চালক মো. জিলানী বাবর একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবুল হোসেন পাটওয়ারীর ছেলে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি প্রশাসনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে। মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।.


একই পরিবারের চারজনের আকস্মিক মৃত্যুতে নলচরা গ্রামসহ পুরো রামগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।. .

Ajker Bogura / Arifin

শোক সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ