• ঢাকা
  • শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬” উপলক্ষে মাদকবিরোধী বন্ধন, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।.

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে মাদকবিরোধী বন্ধন ও র‍্যালি বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।.

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “World drug problem: persisting issues, new challenges, innovative responses”।.

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এবং সিভিল সার্জন মো. খুরশীদ আলম।.

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।.

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জিললুর রহমান স্বাগত বক্তব্য দেন এবং অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।.

দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল মাদকবিরোধী স্টিকার ও লিফলেট বিতরণ, পোস্টার প্রচার, যানবাহনে সচেতনতামূলক স্টিকার সংযোজন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, স্কুল-কলেজ শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের পুরস্কার প্রদান।.

এছাড়া বগুড়ার ১২টি উপজেলায় ১৩টি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ১৪টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে বিনামূল্যে কাউন্সেলিং সেবা প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার কথাও জানানো হয়।.

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সূত্রে জানা যায়, ২০২৫ সালে জেলায় ১ হাজার ৮০৩টি অভিযান চালিয়ে ৭০২টি মামলায় ৭৩৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়।.

এছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৮৩৮টি অভিযান পরিচালনা করে ৩৩৬টি মামলায় ৩৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও বিভিন্ন যানবাহন জব্দ করা হয়।.

মাদক ব্যবসার মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইন প্রয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ