বগুড়ার ধুনট উপজেলায় ১৪ বছর বয়সী এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম মধু (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।.
মামলা সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট সকালে পরিবারের সদস্যরা কাজের জন্য বাইরে গেলে কিশোরীটি বাড়িতে একা ছিল। এ সময় অভিযুক্ত রফিকুল ইসলাম মধু তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে মধু মার্কেটের একটি পরিত্যক্ত মনোহারী দোকানে নিয়ে যান বলে অভিযোগ। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।.
পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে কিশোরীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মধু মার্কেটের ওই দোকানঘরে কিশোরী ও অভিযুক্তকে দেখতে পান বলে অভিযোগে বলা হয়েছে। এরপর রফিকুল ইসলাম মধু ঘটনাস্থল থেকে পালিয়ে যান।.
ঘটনার পর মঙ্গলবার (২৫ আগস্ট) কিশোরীর বাবা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।.
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানা গেছে। ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।.
তথ্যসূত্র: কালবেলা. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: