বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এক নৃশংস ঘটনায় চাচার কামড়ে ভাতিজার গোপনাঙ্গ গুরুতর জখম হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা।.
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, সান্তাহার পৌর শহরের বশিপুর প্রামানিকপাড়া এলাকার বাসিন্দা রাশেদ উন নবী ও তার ছোট ভাই রাব্বী পৈতৃক সম্পত্তি সমানভাবে ভাগ করে নিয়েছিলেন। সম্প্রতি দুই পরিবারের মধ্যে বাড়ির সীমানা নির্ধারণ করে আলাদা বসবাস শুরু হয়। এর অংশ হিসেবে বাড়ির মাঝখানে একটি ইটের প্রাচীরও নির্মাণ করা হয়।.
বৃহস্পতিবার বিকেলে রাশেদ উন নবী তার অংশে থাকা একটি ঘরের সংস্কার কাজ করছিলেন। এ সময় ঘরের একপাশ ভাঙাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।.
অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে রাব্বী ও তার স্ত্রী মেমি বেগম রাশেদের বাড়িতে প্রবেশ করে লোহার রড দিয়ে রাশেদ, তার স্ত্রী এবং ছেলে মাহফুজ ইসলাম প্রিয়কে মারধর করেন। সংঘর্ষের একপর্যায়ে রাব্বী তার ভাতিজা মাহফুজের গোপনাঙ্গে কামড় দেন। এতে কিশোরটি গুরুতর আহত ও রক্তাক্ত হয়ে পড়ে।.
পরে স্থানীয় লোকজন আহত মাহফুজকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।.
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, পারিবারিক বিরোধের জেরে এমন নৃশংস ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।.
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত কিশোরের বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চিকিৎসা শেষে মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাব্বী ও তার স্ত্রী মেমি বেগম এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।. .
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: