বগুড়ার আদমদীঘিতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: চারটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এই জরিমানা দেন।.
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স ডিজিএম ব্রিকসকে ৩ লাখ, মেসার্স ডলার ব্রিকসকে ২ লাখ, মেসার্স আরোয়া ব্রিকসকে ২ লাখ এবং মেসার্স এন অ্যান্ড এস ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের দ্রুত পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদও অভিযানে উপস্থিত ছিলেন।.
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার–তিলোকপুর আঞ্চলিক সড়কের পাশে দীর্ঘ কয়েক বছর ধরে প্রকাশ্যে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে এই ইটভাটাগুলো পরিচালিত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, মালিকরা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন দপ্তর ‘ম্যানেজ’ করে নির্বিঘ্নে ব্যবসা চালাচ্ছিলেন। ইটভাটাগুলো থেকে নির্গত ঘন ও বিষাক্ত ধোঁয়া আশপাশের পরিবেশকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। ধোঁয়ার কারণে পথচারীদের চোখে জ্বালা-পোড়া, শ্বাসকষ্ট এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে, বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।.
গত ৯ ফেব্রুয়ারি এই সমস্যার বিষয়ে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার এক মাস পর প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: