অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ৩৫ লাখ টাকা মূল্যের একটি চেরি গাড়ি জিতেছেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তবে ব্যক্তিগত অর্জনের এই মূল্যবান উপহার নিজের কাছে না রেখে মায়ের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।.
তিন ম্যাচের সিরিজে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে ১৫৪ রান সংগ্রহ করেন হৃদয়। এর সুবাদে তিনি সিরিজের ‘মোস্ট ভ্যালুঅ্যাবল প্লেয়ার’ নির্বাচিত হন এবং পুরস্কার হিসেবে পান একটি চেরি ব্র্যান্ডের গাড়ি।.
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে ৮৮ বলে ৮৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ৫১ বলে অপরাজিত ৫৬ এবং লিটন দাস ৭৮ বলে ৫৮ রান করেন।.
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া কুপার কনোলির ১৪৯ রানের ইনিংসে ভর করে লক্ষ্য তাড়া করে। শেষ মুহূর্তে শরিফুল ইসলামের বোলিংয়ে ম্যাচে উত্তেজনা ফিরলেও ৩ বল ও ১ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সফরকারীরা। তবে শেষ ম্যাচে হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।.
পুরস্কার হিসেবে পাওয়া গাড়িটি মাকে উপহার দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে হৃদয় লিখেছেন,
“মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম!! অদ্ভুত না???”.
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হৃদয় বলেন, “আলহামদুলিল্লাহ, অনেক খুশি। ব্যাট করার সময় চেষ্টা করেছি দলের জন্য অবদান রাখতে। উইকেট অনেক ভালো ছিল, স্পোর্টিং উইকেট ছিল। আমরা যদি বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো করতে চাই, তাহলে এমন উইকেটে আরও বেশি খেলতে হবে। এসব উইকেটে খেলেই আমরা নিজেদের আরও উন্নত করতে চাই।”.
মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে সিরিজসেরার পুরস্কার উৎসর্গ করার হৃদয়ের এই সিদ্ধান্ত ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: