• ঢাকা
  • সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আয় মাত্র ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা; বিটিভির আর্থিক চিত্র নিয়ে সংসদে তথ্য প্রকাশ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন থেকে আয় প্রায় ৫ কোটি টাকা; রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের আয়-ব্যয়ের বিশাল ব্যবধান নিয়ে নতুন করে আলোচনা.

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি ২০২৫-২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত মাত্র ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা আয় করেছে। বিপরীতে একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে প্রায় ২৪৬ কোটি টাকার ব্যবধান সৃষ্টি হয়েছে।
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। তিনি বলেন, মে মাস পর্যন্ত বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন বাবদ আয় হয়েছে প্রায় ৫ কোটি ৭ লাখ টাকা। বাকি আয় এসেছে বিভিন্ন সেবা ও অন্যান্য উৎস থেকে।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিটিভির ব্যয় দীর্ঘদিন ধরেই আয়ের তুলনায় অনেক বেশি। গত কয়েক অর্থবছরেও একই চিত্র দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে বিটিভির আয় ছিল ২৭ কোটি ৬৫ লাখ টাকা, যেখানে ব্যয় হয়েছে ৩০৭ কোটি ৯২ লাখ টাকা। এর আগের অর্থবছরগুলোতেও শত কোটি টাকার ঘাটতি নিয়ে পরিচালিত হয়েছে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যম।
বিশ্লেষকরা বলছেন, জনস্বার্থে অনুষ্ঠান প্রচার, জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্প্রচার এবং বাণিজ্যিক লাভের চেয়ে সেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ায় বিটিভির আয় সীমিত থাকে। তবে ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তার, বেসরকারি টেলিভিশনের প্রতিযোগিতা এবং দর্শকসংখ্যা হ্রাসের কারণে বিজ্ঞাপন আয়ও কমে গেছে।
এদিকে সরকারের নীতিনির্ধারক মহলে বিটিভির আধুনিকায়ন, অনুষ্ঠান মানোন্নয়ন, ডিজিটাল সম্প্রসারণ এবং রাজস্ব বৃদ্ধির নতুন কৌশল নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্টদের মতে, দর্শক আকর্ষণ ও বিজ্ঞাপন বাজারে অবস্থান শক্তিশালী করতে না পারলে ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির আয়-ব্যয়ের এই বড় ব্যবধান বহাল থাকতে পারে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ