• ঢাকা
  • রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইরানের খারগ দ্বীপে বোমা হামলার দাবি ট্রাম্পের, ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩১ এএম
ইরানে ইসরায়েলের হামলা / ইরানে হামলা / মধ্যপ্রাচ্যইরানের খারগ দ্বীপে বোমা হামলার দাবি ট্রাম্পের
ইরানের খারগ দ্বীপে বোমা হামলার দাবি ট্রাম্পের, ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

প্রতিশোধমূলক হামলায় ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও হামলা হচ্ছে। এতে সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে।.


ইরানের খারগ দ্বীপ। ছবি: ইউরোপিয়ান স্পেস এজেন্সি/এএফপি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আজ (১৪ মার্চ) ১৫তম দিন। হামলার প্রথম দিন গত ২৮ ফেব্রুয়ারিতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান। দেশটি ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও হামলা হচ্ছে। এতে সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে।.

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন; যদিও এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে তারা আগ্রহী নয়। তবে বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তির জন্য ইরানের সার্বভৌম অধিকার, পরবর্তীতে দেশটির ওপর হামলা না হওয়ার আন্তর্জাতিক গ্যারান্টিসহ ৩ দফা দাবি জানিয়েছিলেন। .

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম স্থলসেনা হিসেবে ২,৫০০ মেরিনসেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র.

জাপানের ওকিনাওয়ায় অবস্থানরত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন ইউএসএস ত্রিপোলি যুদ্ধজাহাজের সঙ্গে রওনা হয়েছেন। .

ইউএসএস ত্রিপোলি একটি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, যেখান থেকে এই মেরিন সদস্যদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হতে পারে।.

প্রয়োজনে কোনো সংকটে সাড়া দেওয়া বা ইরানের কোনো অংশের নিয়ন্ত্রণ নেওয়ার মতো অভিযানে তাদের ব্যবহার করা হতে পারে।.

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধে এদেরই প্রথম স্থলসেনা হিসেবে মোতায়েন করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে, যদিও মেরিন বাহিনী স্থল ও সমুদ্র—উভয় ক্ষেত্রেই অভিযান পরিচালনা করে থাকে।.

বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং শিগগিরই সংঘাত শেষ করার তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।.

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ফ্রান্স ও ইতালির আলোচনা শুরু: এফটি.

ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তেহরানের সঙ্গে আলোচনা শুরু করেছে ফ্রান্স ও ইতালি।.

বিষয়টি সম্পর্কে অবগত তিনজনের বরাতে প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস রপ্তানি পুনরায় চালু করার উপায় খুঁজছে ইউরোপীয় দেশগুলো। তবে এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।.

তবে আল জাজিরা স্বাধীনভাবে এই প্রতিবেদন যাচাই করতে পারেনি।.


ফাইল ছবি: রয়টার্স
এদিকে রয়টার্স জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে হরমুজ প্রণালীকে নিরাপদ রাখতে একটি জোট গঠনের উদ্যোগ নিচ্ছে ফ্রান্স। ফরাসি দুই কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়।.

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজকে যুদ্ধজাহাজের মাধ্যমে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা নিয়ে ইউরোপ, এশিয়া এবং উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করছে ফ্রান্স।.

জার্মানিভিত্তিক সিইএসআইফো গবেষণা নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ৬ দশমিক ২ শতাংশ এবং এলএনজির প্রায় ৮ দশমিক ৭ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়েছে।.

ইরাকে মার্কিন দূতাবাসের হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র হামলা.

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন দেশটির একজন কর্মকর্তারা।.


ছবি: বিবিসি থেকে সংগৃহীত
এর আগে আল জাজিরা এরাবিকের এক প্রতিবেদক জানান, হামলার পর দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।.

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার সময় সেখানে বিমান হামলার সতর্কতা সাইরেনও বেজে ওঠে।.

ইসরায়েলের উত্তর গালিলি অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা.

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, উত্তর ইসরায়েলের গালিলি অঞ্চলে কফার গিলাদি, কফার ইউভাল ও মেতুলা এলাকায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।.

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলা হয়, স্থানীয় সময় ভোর ৪টা ২২ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।.


এর আগে, ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর এক্স পোস্টে শুক্রবার সকালে 'আপার গালিলি' এলাকায় হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ির ছবিও প্রকাশ করা হয়েছে।.

ইরানের তেল স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামো ছাই বানিয়ে দেওয়া হবে: ইরান .

খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র এক বিবৃতিতে ট্রাম্পের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার দাবির প্রতিক্রিয়া জানিয়েছেন।.

ইরানি গণমাধ্যমের বরাতে মুখপাত্র বলেন, ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা হলে "অঞ্চলজুড়ে যেসব তেল ও জ্বালানি স্থাপনায় মার্কিন অংশীদারিত্ব রয়েছে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযোগ রয়েছে—সেগুলোকে ধ্বংস করে ছাইয়ে পরিণত করা হবে।".

এর আগে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র খারগ দ্বীপে ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং প্রয়োজনে সেখানে তেল অবকাঠামোতেও হামলা করা হতে পারে বলে হুঁশিয়ারি দেন।.

'যতদিন প্রয়োজন ততদিনই চলবে'—ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প .

ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কিছুক্ষণ আগে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।.

এ সময় তাকে 'যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে?'–জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, "আমি আপনাদের তা বলতে পারি না।".

তিনি বলেন, "আমার নিজের একটা ধারণা আছে, কিন্তু সেটা বলে কী লাভ? যতদিন প্রয়োজন ততদিনই চলবে। তারা (ইরান) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।".


ছবি: সংগৃহীত
ট্রাম্প আগেও বলেছেন, ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ করে তাহলে যুদ্ধ শেষ হতে পারে। আত্মসমর্পণ বলতে তিনি বোঝাচ্ছেন—ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং সামরিক শক্তির বড় অংশ ধ্বংস হয়ে যাওয়া।.

তিনি বলেন, "খুব সহজভাবে বললে, আমরা এমন এক প্রভাবশালী অবস্থানে আছি যা আগে কেউ দেখেনি।".

ইরান যুদ্ধ নিয়ে তার লক্ষ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একই কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "সম্ভবত কিছুটা ভিন্ন হতে পারে। তবে তিনি আপনাকে বলবেন—যুক্তরাষ্ট্রের মতো শক্তি আগে কখনো ছিল না।".

খারগ দ্বীপ কোথায় এবং কেন এটি গুরুত্বপূর্ণ.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের খারগ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে।.

খারগ হলো ইরানের উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে অবস্থিত ছোট একটি দ্বীপ, যার দৈর্ঘ্য প্রায় পাঁচ মাইল।.

দ্বীপটিকে ইরানের 'অয়েল লাইফলাইন' বা 'তেলের জীবনরেখা' হিসেবে বিবেচনা করা হয়। .


ছবি: বিবিসি
সেখানে স্থায়ী বাসিন্দা খুব কম থাকলেও ইরানের প্রায় ৯০ শতাংশ রপ্তানিযোগ্য অপরিশোধিত তেল এই দ্বীপের মাধ্যমেই পরিবাহিত হয়। বড় বড় তেলবাহী ট্যাংকার ইরানের বিভিন্ন এলাকা থেকে তেল এনে এই দ্বীপে জমা করে। এরপর সেখান থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী হয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়, যার বড় একটি অংশ যায় চীনে। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতাই হলো চীন।.

এই দ্বীপে প্রবেশ বা ব্যবহার বন্ধ হয়ে গেলে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।.

এর আগে চলতি মাসের শুরুতে অ্যাক্সিওস এক প্রতিবেদন জানায়, খারগ দ্বীপ দখলে নিতে বিশেষ বাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনা করছিলেন ডোনাল্ড ট্রাম্প।.

ইরানের খারগ দ্বীপে বোমা হামলার দাবি ট্রাম্পের.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালিয়েছে। ফ্লোরিডার উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে ওঠার কিছুক্ষণ পর ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।.

ট্রাম্প বলেন, "মাত্র কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমা হামলা পরিচালনা করেছে এবং ইরানের 'ক্রাউন জুয়েল' খারগ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।".


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
তিনি আরও বলেন, "আমি দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নেইনি। তবে ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।".

ট্রাম্প ইরানকে অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, "তাদের দেশের যা অবশিষ্ট আছে—যা খুব বেশি নয়—তা বাঁচানোর জন্যই এটি করা উচিত।".

ইরানের নেতাদের ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের.

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর "গুরুত্বপূর্ণ নেতাদের" সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার (প্রায় ৭৬ লাখ পাউন্ড) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।.

মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা এক নোটিশে মোট ১০ জন ব্যক্তির উল্লেখ করা হয়েছে, যদিও তাদের মধ্যে নাম প্রকাশ করা হয়েছে ছয়জনের।.


ছবি: বিবিসি
ওই তালিকায় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানির নাম রয়েছে। এর আগে তেহরানে সরকারপন্থী এক সমাবেশে লারিজানিকে দেখা যায়।.

যুক্তরাষ্ট্রের দাবি, তারা ইরানের আইআরজিসির সামরিক শাখার বিভিন্ন অংশের নেতৃত্ব ও নির্দেশনা দেন।.

ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান.

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির দিকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ফলে ইসরায়েলের সম্ভাব্য আক্রান্ত এলাকাগুলোয় জনগণকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।.

ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমও হামলার বিষয়টি নিশ্চিত করেছে।.

এর আগে মধ্যরাতের দিকে একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল, যখন ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যৌথভাবে ইসরায়েলের ওপর হামলা চালায়।.

খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান ও হিজবুল্লাহর সমন্বিত হামলায় বহু ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এবং মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়।.

.

Ajker Bogura / Md Shourov Hossain

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ