সরকারের “প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৮০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় বগুড়া জেলায় নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। বর্তমানে প্রকল্পটির নির্মাণ কাজ চলমান রয়েছে।.
জানা গেছে, ৪ তলা ভিত্তি বিশিষ্ট ৪ তলা এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ কোটি ৫ লাখ ৫ হাজার ২৪৮ টাকা। প্রকল্পটির অর্থ বছর ২০২৪-২০২৫ এবং এর নির্ধারিত সময়কাল ছিল ২০২৪ সালের নভেম্বর মাস থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত।.
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। নির্মাণ কাজ তদারকি ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে গণপূর্ত অধিদপ্তর, বগুড়া। আর প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বগুড়ার চকযাদু রোড এলাকার মেসার্স কবির ট্রেডার্স।.
সংশ্লিষ্টরা জানান, মডেল মসজিদটি নির্মিত হলে এখানে একসঙ্গে বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম, ধর্মীয় শিক্ষা, ইমাম প্রশিক্ষণ, গণশিক্ষা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।.
এছাড়াও নারী ও পুরুষদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, হিফজ ও কোরআন শিক্ষা কার্যক্রমসহ আধুনিক বিভিন্ন সুবিধা সংযোজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।.
স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে এটি বগুড়া জেলায় ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: সামসিল আরিফিন.
.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: