• ঢাকা
  • শুক্রবার, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

প্রকাশ্যে যুবদল নেতা খুন: মাদক বিরোধে নৃশংস হামলা, এলাকায় চাঞ্চল্য


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৯ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রংপুরে প্রকাশ্যে যুবদল নেতা খুন: মাদক বিরোধে নৃশংস হামলা, এলাকায় চাঞ্চল্য.

রংপুর নগরীতে মাদক কারবার নিয়ে পূর্ব বিরোধের জেরে যুবদল নেতা রাকিব হাসানকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে নগরীর মাছুয়াপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত রাকিব হাসান নগরীর কাছনা এলাকার বাসিন্দা এবং মহানগর যুবদলের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। বর্তমানে তিনি প্রস্তাবিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোক ও ক্ষোভ বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে তাঁতীপাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারি মমিন ও তার সহযোগীরা রিকশায় করে এসে রাকিবকে ঘিরে হামলা চালায়। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাটি ছিল পরিকল্পিত। রাকিব পূর্বে অভিযুক্তদের সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও পরবর্তীতে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর আগেও তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে।
নিহতের পরিবার দাবি করেছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। রাকিবের বাবা জানান, বিকেলে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই ছেলের মৃত্যুর খবর পান তিনি।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রংপুর কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মাদক সংক্রান্ত বিরোধই হত্যার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ