বগুড়ায় ২,৫০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা—কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি
বগুড়ার শেরপুর উপজেলায় কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মজুত করা প্রায় ২,৫০০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং তা কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘মেসার্স বিমল ট্রেডার্স’-এর মালিক শ্রী স্বপন চন্দ্র মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, লাইসেন্স অনুযায়ী প্রতিষ্ঠানটির সর্বোচ্চ ৫,০০০ লিটার ডিজেল মজুতের অনুমতি থাকলেও তিনি প্রায় ৯,০০০ লিটার সংগ্রহ করেন। এর মধ্যে কিছু বিক্রি করে অবশিষ্ট ২,৫০০ লিটার গোপনে মজুত রাখা হয়। অভিযোগ রয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছ থেকে বেশি দাম নেওয়া হচ্ছিল।
অভিযান শেষে জব্দকৃত ডিজেল স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লাইনে দাঁড়ানো কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, তেলের অভাবে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছিল। প্রশাসনের এই পদক্ষেপে তারা স্বস্তি পেয়েছেন।
শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পেট্রোলিয়াম আইনের আওতায় জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হয়েছে।.
সূত্র: NCN . .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: