রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোতাহার হোসেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বর্ণনা অনুযায়ী, ঘটনার সময় অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার কাছে আসে এবং ভয়ভীতি দেখায়। তারা চাপাতি ও সামুরাই হাতে তাকে ঘিরে ধরে এবং তার কাছ থেকে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, নগদ প্রায় ২০ হাজার টাকা থাকা মানিব্যাগ এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়।.
ছিনতাইয়ের পর মোবাইল ফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে তারা মোতাহার হোসেনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তাকে মারধরও করা হয়। পরে তিনি পাসওয়ার্ড জানালে ছিনতাইকারীরা দ্রুত অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করে।.
মামলায় আরও বলা হয়, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি ট্র্যাক করে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মোহাম্মদপুর থানার একটি টহল টিম তাজমহল রোড এলাকায় গিয়ে আসামিদের আটকের চেষ্টা করে। তবে পুলিশকে দেখে তারা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।.
প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৭ মার্চ তিনি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।.
.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: