• ঢাকা
  • শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া নন্দীগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:০৪ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নন্দীগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেফতার.

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গছাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বাকি বিল্লাহ হুজুরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর চাচাতো দুলাভাই হওয়ায় ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গছাইল গ্রামের বাসিন্দা মোঃ বাকী বিল্লাহ (৫১) উপজেলার বিজরুল পূর্বপাড়ায় অবস্থিত গছাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। অভিযুক্তের কর্মস্থল ভুক্তভোগীর বাড়ির পাশেই হওয়ায় তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।
অভিযোগে বলা হয়েছে, গত ২১ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে ভুক্তভোগী ২৬ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী তরুণীকে তার শয়নকক্ষে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত। পরবর্তীতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তরুণীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে গত ৬ জুন একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা পরীক্ষা করান। সেখানে চিকিৎসকের পরীক্ষায় জানা যায়, ভুক্তভোগী প্রায় ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর পিতা মোঃ তোজাম্মেল হোসেন আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে এজাহার নন্দীগ্রাম থানায় প্রেরণ করা হলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করে। 
এরই ধারাবাহিকতায় ২ জুলাই বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ বাকী বিল্লাহকে গ্রেফতার করে।
এদিকে একজন মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান উক্ত প্রতিবন্ধী ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয় এবং তারই প্রেক্ষিতে নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে আসামীকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ