দীর্ঘ ১৮ বছর পর রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয় এবারের আয়োজন।.
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।.
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশগ্রহণ করেন।.
প্যারেডে মোট ২৫টি কন্টিনজেন্ট অংশ নিয়ে রাষ্ট্রপতিকে সালাম প্রদান করে। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর জেনারেল এস এম আসাদুল হক এবং উপ-অধিনায়ক হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল-ইসলাম।.
সুসজ্জিত সামরিক যানবাহনে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। তাদের উপস্থিতি কুচকাওয়াজকে করে তোলে আরও আবেগঘন ও তাৎপর্যপূর্ণ।.
এছাড়া কুচকাওয়াজে আধুনিক সমরাস্ত্র প্রদর্শনের পাশাপাশি আকাশপথে আর্মি এভিয়েশন, নেভাল এভিয়েশন, বিজিবি এয়ার উইং ও র্যাবের ফ্লাইপাস্ট দর্শকদের মুগ্ধ করে। প্যারা কমান্ডোদের দুঃসাহসিক ফ্রিফল জাম্প ছিল বিশেষ আকর্ষণ।.
পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট ও এরোবেটিক প্রদর্শনী অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।.
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যানার-বিলবোর্ড স্থাপন এবং প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়।.
কুচকাওয়াজ সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। দীর্ঘ বিরতির পর এ আয়োজন দেশের মানুষের মধ্যে নতুন করে স্বাধীনতার চেতনা জাগ্রত করেছে এবং জাতীয় ঐক্য ও গৌরবের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: