• ঢাকা
  • সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৪ পিএম
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের

ধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি মূল্য, জাহাজ ভাড়া এবং কাঁচামালের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশের শিল্প উৎপাদন তীব্র 'কস্ট-পুশ' সংকটে পড়েছে।.

শিল্পখাতের নেতারা সতর্ক করে বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে উৎপাদন ব্যয় আরও বাড়বে, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পণ্যের মূল্যস্ফীতির মাধ্যমে প্রতিফলিত হবে।.

বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা ইতোমধ্যে আর্থিক চাপে পড়েছেন। আগে থেকেই নিশ্চিত হওয়া রপ্তানি আদেশে তারা বাড়তি কাঁচামাল ব্যয় বহন করতে বাধ্য হচ্ছেন। বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় এই অতিরিক্ত খরচ ক্রেতাদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগও কমে গেছে, ফলে মুনাফার মার্জিন কমে যাচ্ছে এবং লোকসানের ঝুঁকি বাড়ছে।.

খাত সংশ্লিষ্টরা জানান, দেশের বিভিন্ন খাতের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহে ঘাটতির আশঙ্কায় দেশের আমদানিকারকরা প্যানিকড হয়ে আরও বেশি ক্রয়াদেশ দিচ্ছেন, যা ফের দাম বাড়িয়ে দিচ্ছে। আবার কোন কোন ক্ষেত্রে বৈশ্বিক বাজারের অস্থিরতার কারণে বায়াররা নতুন অর্ডার দেওয়া বন্ধও করে দিচ্ছে। .

রপ্তানি ও অভ্যন্তরীণ বাজারের জন্য উৎপাদনকারী একাধিক উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন কাঁচামাল ও রাসায়নিকের আমদানি ব্যয় ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৮৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।.

এর মধ্যে নন-কটন ফেব্রিকের দাম প্রায় ১৯ শতাংশ, পলিয়েস্টার ফিলামেন্ট সুতা ৭৯ শতাংশ, কটন সুতা ১৮ শতাংশ, রাসায়নিক ৫০ থেকে ১৮৩ শতাংশ, ইস্পাত কাঁচামাল ১৭ শতাংশ, ক্লিংকার ৩৪ শতাংশ, প্লাস্টিক রজন ৬৭ শতাংশ এবং ওষুধ শিল্পের কাঁচামাল বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই)-এর দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।.

অন্যদিকে দেশে এখনো জ্বালানি তেলের দাম সরকার না বাড়ালেও পরিবহন খরচ বাড়তে শুরু করেছে। উদ্যোক্তারা বলছেন, এই খরচ ইতিমধ্যে প্রায় ৩০ শতাংশ বেড়েছে, যা উৎপাদন ব্যয়ের ওপর আরও চাপ সৃষ্টি করছে।.

লিটল স্টার স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, যুদ্ধের আগে প্রতি কেজি লাইওসেল ফাইবারের দাম ছিল ১.৬০ ডলার, যা এখন বেড়ে ১.৯০ ডলারে পৌঁছেছে—অর্থাৎ, এর দাম বেড়েছে প্রায় ১৯ শতাংশ। পলিয়েস্টার ফাইবারের দামও প্রায় ২৮ শতাংশ বেড়েছে।.

রাসায়নিকের দামে সবচেয়ে বেশি ঊর্ধ্বগতি দেখা গেছে। এনজেড অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক সালেউধ জামান খান বলেন, রাসায়নিকের দাম প্রকারভেদে ৫০ থেকে ১৮৩ শতাংশ পর্যন্ত বেড়েছে, আর কেবল ডাইং কেমিক্যালের দাম এক মাসে ৪০ থেকে ৫০ শতাংশ বেড়েছে।.

তিনি আরও জানান, সালফিউরিক অ্যাসিডের দাম কয়েক দিনের মধ্যে কেজিপ্রতি ৫৫-৬০ টাকা থেকে বেড়ে ২৩০ টাকায় পৌঁছেছে। সালফিউরিক এসিড বর্জ্য শোধনের জন্য ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টগুলোতে (ইটিপি) ব্যবহার করা যায়।.

"কিন্তু এই ধরনের মূল্যবৃদ্ধির কারণে উদ্যোক্তারা ইটিপি ঠিকমত ব্যবহার করতে পারবেন না। এতে বর্জ্য নদী, খালবিলে গিয়ে পরিবেশ দূষণ বাড়াবে" –বলেও তিনি সতর্ক করেন।.

বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শামিম আহমেদ বলেন, "যুদ্ধ শুরু হওয়ার আগে প্লাস্টিক রেজিনের দাম ছিল প্রতি মেট্রিকটন কমবেশি ৯০০ ডলার, যা এখন বিশ্ববাজারে বিক্রি হচ্ছে প্রায় ১৬০০ ডলার দরে। অথচ এই কাঁচামালের জন্য বাংলাদেশ প্রায় পুরোপুরি আমদানিনির্ভর, যেটি পেট্রোকেমিক্যাল থেকে উৎপাদন হয়ে থাকে।.

সিমেন্ট ও ইস্পাত খাতেও একই প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির নির্বাহী পরিচালক চঞ্চল কুমার রায় জানান, ক্লিংকারের দাম প্রতি টন ৪৩ ডলার থেকে বেড়ে ৫৮ ডলারে উঠেছে। .

অন্যদিকে ইস্পাত আমদানিকারকরা জানিয়েছেন, ইস্পাতের কাঁচামালের দাম ৬০০ ডলার থেকে বেড়ে ৭০০ ডলারে পৌঁছেছে। উচ্চমূল্যের কারণে কিছু আমদানিকারক ঋণপত্র (এলসি) খোলা বিলম্বিত করছেন।.

ওষুধ শিল্পও চাপে রয়েছে। ফার্মাসিউটিক্যাল কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠান বিবিকন-এর ব্যবস্থাপনা পরিচালক ডিএইচ শামিম বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে প্রায় সব কাঁচামালের দাম গড়ে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে ওষুধ শিল্পকে চাপে ফেলছে।.

তিনি আরও জানান, গ্যাস সংকট এবং দ্রাবক বা সলভেন্টসহ অন্যান্য মৌলিক উপকরণের দাম বাড়ায় এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস) উৎপাদন ব্যয় বেড়েছে, যা সামগ্রিক উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে।.

দেশে জ্বালানির দাম অপরিবর্তিত থাকলেও উৎপাদকরা বলছেন, বিভিন্ন খাতে পরিবহন ব্যয় ইতোমধ্যে বাড়তে শুরু করেছে।.

খোরশেদ আলম জানান, সাভার থেকে নরসিংদীর মাধবপুর পর্যন্ত ট্রাক ভাড়া ৬,৫০০ টাকা থেকে বেড়ে ৮,৫০০ টাকায় উঠেছে।.

সরবরাহ শৃঙ্খলে তীব্র অস্থিরতা.

শিল্পখাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় তীব্র অস্থিরতা ও অর্ডার প্রক্রিয়ায় জটিলতা কাঁচামালের মূল্যবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করছে। প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, "প্লাস্টিকের কাঁচামালের ঘাটতি দেখা দিয়েছে। যেসব কাঁচামাল পাইপলাইনে ছিল, তা দিয়ে আমরা উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছি।".

"বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে আগামী মাস থেকে উৎপাদন ব্যাহত হতে পারে" –বলেন তিনি।.

সালেউদ জামান খান বলেন, "কিছু কেমিক্যালের সাপ্লাই পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়া থেকে আমদানি করে আমাদের যে এজেন্ট সরবরাহ করতো, তারা এখন আমদানি করতে পারছে না।".

তিনি আরও বলেন, "আমাদের কিছু স্টক থাকায় আরো কিছুদিন হয়তো চালিয়ে নেওয়া যাবে। কিন্তু, ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য শিগগিরই উৎপাদন ব্যাহত হবে।.

ইতোমধ্যে নেওয়া ক্রয়াদেশে লোকসানের আশঙ্কা.

কাঁচামালের দাম বাড়তে থাকায় আগেই নেওয়া অর্ডারগুলো নিয়ে রপ্তানিকারক ও উৎপাদকরা বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন।.

হান্নান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শামসুদ্দিন বলেন, "আমরা ইতোমধ্যে রপ্তানি আদেশ ফাইনালাইজড (চূড়ান্ত) করেছি, ফলে বাড়তি খরচ বায়ারদের ওপর চাপানো সম্ভব নয়। আমাদেরকে এই ব্যয় বহন করতে হবে, কিন্তু প্রফিট (মুনাফা) কম থাকার কারণে সেটা লোকসানে পরিণত হতে পারে।".

তিনি আরও বলেন, "ফেব্রিকের দাম আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি, কারণ সাপ্লায়াররা এখন খুব স্বল্প মেয়াদের—প্রায় সাত দিনেরও কম—প্রোফর্মা ইনভয়েস দিচ্ছেন।".

শামিম আহমেদ বলেন, "নতুন করে কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে অনেক প্লাস্টিক পন্য উৎপাদনকারী লোকসানের মুখে পড়বে, কারণ তারা ইতোমধ্যে ক্রয়াদেশ নিয়েছে। বাড়তি দাম বায়ারের কাছ থেকে নেওয়া সম্ভব হবে না।" .

"নতুন করে যেসব ক্রয়াদেশ নেওয়া হবে, হয়তো ওইসব ক্ষেত্রে বাড়তি দাম নিয়ে দরাদরি করা সম্ভব হবে" –বলেন তিনি।.

তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা সতর্ক করেছেন, বৈশ্বিক বাজারে পোশাকের চাহিদা কমে যাওয়ায় উৎপাদন ব্যয়ের পুরোটা আন্তর্জাতিক ক্রেতাদের ওপর চাপানো সম্ভব না। ফলে অস্থির বাজার পরিস্থিতির মধ্যেই পোশাক রপ্তানিকারকদের ওপর নতুন করে চাপ তৈরি হচ্ছে।. .

Ajker Bogura / Md Shourov Hossain

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ