গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম নুরমা খাতুন (১৬)। সে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া চৌধুরীপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।.
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে নুরমা খাতুন নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন। পরে বিকেলের দিকে প্রতিবেশী হযরত আলীর বাড়ির সেপটিক ট্যাংকে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।.
নিহতের বাবা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।.
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।.
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: