ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পানিতে ডুবে যাওয়া ধানক্ষেত দেখে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫৫ বছর বয়সী কৃষক আহাদ মিয়া সকালে শ্রমিকদের সঙ্গে নিজের ছয় বিঘা জমির ধান কাটতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, কয়েক দিনের টানা বৃষ্টিতে তার পুরো ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। এ দৃশ্য দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের ধারণা, তিনি স্ট্রোকজনিত সমস্যায় মারা গেছেন। তবে চিকিৎসকদের মতে, হৃদ্রোগজনিত আকস্মিক সমস্যাও মৃত্যুর কারণ হতে পারে।
নিহতের বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন জানান, চলমান ভারী বৃষ্টিতে এলাকার বহু কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের জীবনের সব সঞ্চয় ও ঋণের টাকায় করা ধানের এই ক্ষতি আহাদ মিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
স্থানীয় কৃষকদের ভাষ্যমতে, গোয়ালনগর ইউনিয়নের হাজার হাজার বিঘা জমি পানিতে তলিয়ে গেছে, এতে ব্যাপক ফসলহানি ঘটেছে। একই ঘটনায় আরও কয়েকজন কৃষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রশাসন ঘটনাটি তদন্ত করছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। নিহত কৃষকের মরদেহ পরে নিজ বাড়িতে নেওয়া হয় এবং নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।.
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: