বগুড়ার শেরপুর উপজেলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ রায়হান কবির (৩১) নামে এক যুবককে বেধড়ক মারধর ও নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর ভুক্তভোগী রায়হান কবির বাদী হয়ে প্রতিবেশী মোঃ মুজাহিদুল ইসলাম পারভেজ (৩৪)-এর বিরুদ্ধে শেরপুর থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত পারভেজ মৃত আমিনুল ইসলাম মিন্টুর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রায়হান কবির শেরুয়া বটতলার ‘মলি অটো এ্যান্ড মুজাহিদ চাউল কল’-এর সামনে দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে পারভেজ তাকে গালিগালাজ করেন। এ সময় রায়হান প্রতিবাদ করলে তাকে জোরপূর্বক চাউল কলের ভেতরে নিয়ে যাওয়া হয়।
সেখানে বাঁশের লাঠি দিয়ে রায়হানের ডান কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় এবং তার পকেটে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পারভেজ রায়হানকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত রায়হান কবিরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী রায়হান কবির বলেন,
“পরিকল্পিতভাবে আমাকে আটকিয়ে মারধর করা হয়েছে এবং আমার ব্যবসার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: