• ঢাকা
  • মঙ্গলবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বন্ধুকে অপহরণের পর হত্যা, ইজতেমা ময়দানের ড্রেনে মিলল লাশ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আকাশ সরদার (২১) নামে এক যুবককে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধু মাজহারুল ইসলাম মিঠুর বিরুদ্ধে। এ ঘটনায় মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আকাশ সরদার ফরিদপুরের কোতোয়ালি থানার চাঁদপুর গ্রামের মো. করিম সরদারের ছেলে। গ্রেপ্তার মিঠু নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে। আকাশ ও মিঠু দুজনই আগে কম্বোডিয়ায় প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন।.

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার অপু মিয়ার মাধ্যমে আকাশ ও মিঠু কম্বোডিয়ায় যান। প্রায় তিন মাস আগে তারা দেশে ফেরেন। দেশে ফেরার পর আকাশ বেকার হয়ে পড়লে তাকে চাকরি দেওয়ার কথা বলে গত ২৭ জুলাই সোনারগাঁয়ে ডেকে নেন মিঠু। এরপর তাকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।.

এজাহারে বলা হয়েছে, ওই দিন সন্ধ্যা ৭টার দিকে আকাশের স্ত্রী জেরিনের হোয়াটসঅ্যাপে কল করে সুমন নামে এক ব্যক্তি আকাশকে আটকে রাখার কথা জানান। এরপর থেকে আকাশের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরে আকাশের বাবা মো. করিম সরদার ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।.

মামলায় মাজহারুল ইসলাম মিঠু, মো. অপু মিয়া ও মো. সুমন মিয়াকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়।.

মামলার তদন্তকারী কর্মকর্তার চাহিদার ভিত্তিতে র‌্যাব-১ গত ২৩ আগস্ট টঙ্গী পশ্চিম থানার এলাকায় অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার (২৪ আগস্ট) সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের ২১ নম্বর টয়লেটের পাশে একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের গলিত মরদেহ উদ্ধার করা হয়।.

টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ