শুক্রবার (২৭ মার্চ) রাতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতকের মৃত্যুর খবরে শনিবার সকাল থেকে হাসপাতালে ভিড় করেন স্বজনরা, চলে বিক্ষোভ ও কান্নার রোল।.
মৃত নবজাতক কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মীরপাড়া গ্রামের মো. রোহানের ছেলে।.
জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পরপরই সে শ্বাসকষ্টে ভুগতে শুরু করলে জরুরি ভিত্তিতে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ১২টার দিকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করেন চিকিৎসক। কিন্তু সেখানেই শুরু হয় দুর্ভোগ। হাসপাতালের গেটে গিয়ে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স খোঁজেন স্বজনরা। চালকরা ময়মনসিংহ যাওয়ার জন্য ভাড়া দাবি করেন সাড়ে ৪ হাজার টাকা।.
স্বজনরা জানান, সরকারি ভাড়া ১ হাজার ৬০০ টাকা হলেও তারা প্রথমে ৩ হাজার ৫০০ এবং পরে ৪ হাজার টাকা দিতে রাজি হন। তবুও চালকরা অনড় থাকেন। সিন্ডিকেটের কারণে অন্য কোনো গাড়িকেও রোগী নিতে দেওয়া হয়নি। এই দরকষাকষির মধ্যেই রাত ৩টার দিকে নবজাতকটি মারা যায়।.
নবজাতকের বাবা মো. রোহান বলেন, হাসপাতালের পাশেই আমার বাড়ি। যদি আমার সঙ্গেই এমন হয়, তাহলে দূরের রোগীদের কী অবস্থা।.
নবজাতকের দাদা জুয়েল মিয়া বলেন, চোখের সামনে আমার নাতি মারা গেল, শুধু গাড়ি না পাওয়ার কারণে। অনেক অনুরোধ করেছি, কেউ নেয়নি। আমার নাতিকে বাঁচতে দিল না ওরা।.
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আগে জানতাম না। কেউ জানালে ব্যবস্থা নেওয়া যেত। এখন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।.
জেলা সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: