• ঢাকা
  • শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

থমকে গেছে বগুড়ার উন্নয়ন, প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন শূন্য


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১৬ এএম
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বগুড়া বিশ্ববিদ্যালয়, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন, নওগাঁ-বগুড়া ৪ লেন সড়ক ,বগুড়া সিটি বাস সার্ভিস, মেট্রোরেলের আদলে শহরের অভ্যন্তরীণ রেললাইন, শহীদ চান্দু স্টেডিয়ামের উন্নয়ন ও আন্তর্জাতিক খেলা ফেরানো, বিসিক শিল্প পার্ক,বগুড়া ফুটবল স্টেডিয়াম, শহরের সড়ক উন্নয়ন, সড়কে সিসি ক্যামেরা স্থাপন—এমন আরও নানা উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।.

তবে এসব প্রতিশ্রুতির মধ্যে বগুড়া বিমানবন্দরের বাইরের টার্মিনাল ভবনটি কিছুটা দৃশ্যমান হয়েছে। কিন্তু বাকি প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন তেমন চোখে পড়ছে না। অনেকের কাছে এসব প্রতিশ্রুতি এখন যেন সরষের ফুল। এগোয়নি তেমন কিছুই—এমন অভিযোগ ও হতাশা প্রকাশ করছেন বগুড়াবাসী।.

দিন দিন বগুড়াবাসীর ক্ষোভও বাড়ছে। অনেকেই মনে করছেন, গত ২০ বছরে বগুড়ার প্রত্যাশিত উন্নয়ন হয়নি। ‘এই হবে, সেই হবে’—এমন প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে তেমন কিছুই হয়নি বলে মন্তব্য করছেন অনেকে।.

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমেও বগুড়ার উন্নয়ন নিয়ে বিভিন্ন ক্ষোভে ভরা পোস্ট চোখে পড়ছে। অনেকে মন্তব্য করছেন, বগুড়ার উন্নয়ন যেন শুধুই ফেসবুকে; বাস্তবে এর প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না।.

বগুড়া সিটি করপোরেশন হওয়ার পর থেকেই বগুড়াবাসী নতুন করে স্বপ্ন দেখেছিলেন, তাদের শহরটি একটি আধুনিক ও মডেল শহরে পরিণত হবে। তবে সেই স্বপ্ন বাস্তবায়নের গতি নিয়ে এখন অনেকের মধ্যেই হতাশা তৈরি হয়েছে। কেউ কেউ মন্তব্য করছেন, বগুড়াবাসীর স্বপ্নে যেন ছাই ছিটিয়ে দেওয়া হচ্ছে।.

এদিকে শহরের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা নিয়েও প্রশ্ন উঠছে। অপরাধ বাড়ছে, তবে অপরাধীরা থামছে না—এমন মন্তব্যও করছেন অনেকে। গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটলেও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমছে না বলে অভিযোগ রয়েছে।.

বগুড়ায় ছিনতাই, চুরি ও ডাকাতি বেড়েছে বলেও অনেকে দাবি করছেন। এতে নিরাপত্তাহীনতার মধ্যে চলাচল করতে হচ্ছে বগুড়ার মানুষকে—এমন মন্তব্যও দেখা যাচ্ছে। সড়কে সিসি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা তেমন চোখে পড়ছে না বলে অভিযোগ করছেন অনেকে।.

কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সময় লাগে, প্রক্রিয়া থাকে—এটি স্বাভাবিক। তবে বগুড়া সিটি করপোরেশন ইতোমধ্যে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ পেয়েছে। ফলে বগুড়া সিটি করপোরেশনের মানুষ অন্তত শহরের উন্নয়নের প্রত্যাশা করবেন—এটাই স্বাভাবিক।.

কিন্তু সামান্য রাস্তা দখলমুক্ত করা, ফুটপাত দখলমুক্ত রাখা কিংবা অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতেও প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে—এমন অভিযোগ করছেন বগুড়াবাসী।.

তাহলে বগুড়াবাসী কাকে ভরসা করবেন? প্রত্যাশা ও প্রতিশ্রুতির বাস্তবায়নের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।.

লেখা: সামসিল আরিফিন. .