বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২২ জুন) বগুড়া পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের বিভিন্ন শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় পুরুষ প্রার্থীদের জন্য ১৬০০ মিটার এবং নারী প্রার্থীদের জন্য ১০০০ মিটার দৌড়ের পাশাপাশি লং জাম্প ও হাই জাম্পের আয়োজন করা হয়। প্রার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। তিনি পুরো নিয়োগ কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন এবং স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “বাংলাদেশ পুলিশের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। কোনো ধরনের তদবির, দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ নেই। তাই প্রার্থীদের এসব অসাধু চক্র থেকে সতর্ক থাকতে হবে।”
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, বগুড়া জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে চলেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, যোগ্য ও মেধাবী প্রার্থীদের মধ্য থেকেই দেশের ভবিষ্যৎ পুলিশ নেতৃত্ব গড়ে উঠবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: