কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া ৩০০ টাকার মধ্যে নির্ধারণসহ ৪ দফা দাবিতে বগুড়ায় সংবাদ সম্মেলন করেছেন আলু চাষী ও ব্যবসায়ী নেতারা। শনিবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বর্তমান ভাড়া কাঠামো অযৌক্তিক ও কৃষকবান্ধব নয়।.
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হাকিম মান্নান এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম অভিযোগ করে বলেন, প্রতি বস্তা (৬৫ কেজি) আলু সংরক্ষণে প্রকৃত খরচ প্রায় ২২০ থেকে ২৩০ টাকা হলেও বর্তমানে কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারিত ৪৩৮.৭৫ টাকা ভাড়া কৃষকদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাদের মতে, এ কারণে কৃষকেরা আলু চাষে আগ্রহ হারাচ্ছেন।.
সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—
১) সারা দেশে ৬৫ কেজি আলুর প্রতি বস্তার কোল্ড স্টোরেজ ভাড়া সর্বোচ্চ ৩০০ টাকার মধ্যে নির্ধারণ করা।
২) কোল্ড স্টোরেজ পরিচালনার প্রকৃত ব্যয় নিরূপণে নিরপেক্ষ তদন্ত করে ন্যায্য ভাড়া কাঠামো প্রণয়ন।
৩) কোল্ড স্টোরেজ মালিকদের সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী ভাড়া বৃদ্ধি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৪) কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারিত বর্তমান ভাড়া পুনর্বিবেচনা করে আগামী ২৫ জুনের মধ্যে নতুন প্রজ্ঞাপন জারি।.
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কৃষকদের স্বার্থে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: