বগুড়ার শাজাহানপুরে ভাড়ায় নেওয়া একটি ক্যামেরা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ব্যবসায়ী।
ভুক্তভোগী আব্দুল হাসিব শুক্রবার (১ মে) লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন—ডেমাজানী গ্রামের নাঈমুর রহমান নাঈম (২৫), তার বাবা এনামুল হক মিঠু (৪৫) এবং স্থানীয় বাসিন্দা হেলাল মাষ্টার (৫০)।
অভিযোগে বলা হয়, হাসিব ডেমাজানী বাজারে ক্যামেরা ভাড়ার ব্যবসা পরিচালনা করেন। গত ১০ জানুয়ারি তার প্রতিষ্ঠানের একটি ক্যামেরা প্রতিদিন ৫০০ টাকা ভাড়ায় নাঈমের কাছে দেওয়া হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭৬ হাজার ৭০০ টাকা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ক্যামেরা ফেরত দেওয়া হয়নি। শুরুতে কিছু ভাড়া পরিশোধ করে অভিযুক্ত জানান, ক্যামেরাটি বাইরে রয়েছে এবং শিগগিরই ফেরত দেওয়া হবে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে একটি লিখিত চুক্তি হয়। সেখানে উল্লেখ ছিল—নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যামেরা ফেরত না দিলে সমমূল্যের নতুন ক্যামেরা সরবরাহ করতে হবে এবং ততদিন পর্যন্ত ভাড়া পরিশোধ অব্যাহত রাখতে হবে। তবে অভিযোগ অনুযায়ী, এই শর্তগুলোর কোনোটিই মানা হয়নি।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত নাঈম পরে আত্মগোপনে চলে যান এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি। স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও সেখানে নেওয়া সিদ্ধান্তও কার্যকর হয়নি। বরং একপর্যায়ে জামানতের টাকা ফেরত চাওয়া এবং তা ঘিরে উত্তেজনা তৈরি হয়। হাসিব অভিযোগ করেন, তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।
অন্যদিকে অভিযুক্তদের দাবি, ক্যামেরাটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় হারিয়ে গেছে। তারা বিষয়টি সমাধানের আগ্রহ দেখিয়ে জানিয়েছেন, জামানতের অর্থ ফেরত দিলে অতিরিক্ত টাকা যোগ করে নতুন ক্যামেরা কিনে দেওয়া সম্ভব।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিব ইকবাল জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।.
Ajker Bogura / টি এন
আপনার মতামত লিখুন: