চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নিজের পরিচয় গোপন করে অপকর্ম ও দুর্নীতি করে যারা, তারাই সবচেয়ে বড় ‘গুপ্ত’।.
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।.
ঢাকা বিমানবন্দরে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইয়ের সময় নিজেদের আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে ভয় দেখিয়েছিলেন। পরে গ্রেপ্তারের পর তাদের বিএনপির লোক হিসেবে পরিচয় পাওয়া যায় বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা নিজেদের প্রকৃত পরিচয় গোপন করে অপকর্ম ও দুর্নীতি করে, তারাই সবচেয়ে বড় গুপ্ত।.
জামায়াত আমির আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ দুটি ভোট দিয়েছিল—একটি জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি সংস্কার পরিষদের সদস্য নির্বাচনের জন্য। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে এর রায় বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ ছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে ছয় মাস পার হলেও সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে বিএনপির কাছে প্রশ্ন রাখেন তিনি।.
দেশবাসীর প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ চেয়েছিল দেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না, আদালতে গিয়ে ন্যায়বিচার পাওয়া যাবে, সন্তানরা ভালো শিক্ষা ও কর্মসংস্থান পাবে এবং চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি বন্ধ হবে। কিন্তু এসব প্রত্যাশার কোনোটি পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি।.
সমাবেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিদ্যুৎ না থাকলেও বিদ্যুতের বিল দিতে হচ্ছে, গ্যাস না পেলেও গ্যাসের বিল দিতে হচ্ছে। একই সঙ্গে সমাজে সন্ত্রাস, হানাহানি, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তিনি।.
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য এই লংমার্চের আয়োজন করে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: